গণমাধ্যমের টুঁটি চেপে ধরার ক্ষমতা কারও নেই: তথ্যমন্ত্রী
অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার আগে আজ অথবা আগামী রোববার সংবাদপত্রসেবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। ওয়েজবোর্ড তাদের প্রতিবেদন চূড়ান্ত করবে ডিসেম্বরের মধ্যে।গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণমাধ্যমের টুঁটি চেপে ধরার ক্ষমতা কোনো সরকারের নেই।সভায় কয়েকজন সম্পাদক বলেন, ওয়েজবোর্ডের বৈঠকে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত হয়নি। এটা বোর্ড চেয়ারম্যানের একার সিদ্ধান্ত। তাঁরা ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার পাশাপাশি নিউজপ্রিন্টের শুল্ক হার কমানো, সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও মূল্য বৃদ্ধি এবং বিজ্ঞাপনের বকেয়া টাকা পরিশোধের দাবি জানান। না হলে সংবাদপত্রশিল্প সংকটে পড়বে, অনেক মানুষ বেকার হয়ে পড়বে বলে মন্তব্য করেন তাঁরা। মন্ত্রী সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।সভায় একজন সম্পাদক বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ এখন দৃশ্যমান নেই। অন্য জায়গা থেকে ফোন করে টক শো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। গণমাধ্যম এখন নিজে থেকেই অনেক কিছু চেপে যাচ্ছে (সেল্ফ সেন্সরশিপ)। ঢাকার বাইরে থেকে খবর পাঠাতে ভয় পান অনেক সংবাদকর্মী।তথ্যমন্ত্রী বলেন, টক শো বন্ধ হবে না। এটা নিয়ন্ত্রণেরও কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ফোনের নির্দেশ শোনেন কেন? লিখিতভাবে কেউ কি বলেছে?’প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের খবর সংগ্রহে বেসরকারি টিভি চ্যানেলগুলোকে যেতে না দেওয়ার প্রসঙ্গ তুলে একজন সম্পাদক বলেন, এটা ঠিক হয়নি। এতে করে সরকারের সঙ্গে গণমাধ্যমের টানাপোড়েনের সৃষ্টি হবে, দূরত্ব বাড়বে।সভায় ইউটিউব বন্ধ রাখার সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, এটা সাময়িক বন্ধ রয়েছে, ছেড়ে দেওয়া হবে।জাতীয় সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম থেকে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হবে এবং এই কমিটি খসড়া তৈরি করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের সম্প্রচারনীতির আদলে এখানেও নীতিমালা করার পক্ষে মত দিয়েছেন বলে জানান তিনি। বৈঠক শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, সরকার ও গণমাধ্যম গণতন্ত্র নির্মাণে ঘনিষ্ঠ মিত্র। এই মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের জন্যই ধারাবাহিক বৈঠকের সূত্রপাত করেছি। আশা করছি, ঘন ঘন এ ধরনের বৈঠক হবে এবং সরকার ও গণমাধ্যমের এই মৈত্রী আরও জোরালো ও শক্তিশালী হবে।’বৈঠকে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ,মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সংবাদ-এর সম্পাদক আলতামাস কবীর, যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছিসহ বিভিন্ন পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।এ ছাড়া তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।