চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের গণমাধ্যম: একটি সমন্বিত নীতিমালার সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে নানা সমালোচনা ও সুপারিশমালা উত্থাপন করা হয়। গতকাল রোববার অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, নীতিমালা পাস হলেই গণমাধ্যমের দায়বদ্ধতা তৈরি হবে না। এর জন্য দরকার জনসচেতনতা সৃষ্টি। গণমাধ্যম বিষয়ে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি সম্ভব। ড. আবদুল করিম ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। তিনটি অধিবেশনে অনুষ্ঠিত সেমিনারে বিভাগের ১২তম ব্যাচের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা গণমাধ্যম-সম্পর্কিত তিনটি বিষয়ে সমালোচনা, প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সেমিনারের উদ্বোধন করেন বিভাগের সভাপতি মো. মোরশেদুল ইসলাম। সেমিনারে ‘খসড়া বেসরকারি সম্প্রচার নীতিমালা: সমকালীন বিতর্ক ও করণীয়,’ ‘বাংলাদেশ বেতার ও টেলিভিশন: চাই সময়োপযোগী নীতিমালা,’ এবং ‘এফএম ও কমিউনিটি রেডিও: নতুন ধারার গণমাধ্যম’ এই তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন।