গণমাধ্যমের বিরুদ্ধে সুরঞ্জিতের বিষোদ্গারে টিআইবির উদ্বেগ
রেলওয়ের অর্থ কেলেঙ্কারির বিষয়ে গাড়িচালক আজম খানের বক্তব্য প্রচারের জন্য গণমাধ্যমের বিরুদ্ধে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিষোদ্গারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ‘১০ অক্টোবর সংবাদ সম্মেলনে প্রদত্ত সুরঞ্জিত সেনগুপ্তের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এ ধরনের অবস্থান একদিকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও অন্যদিকে সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী।’ ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত সংবাদে সংক্ষুব্ধ হলে যে কারোরই আইনগত প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। আইনি পদক্ষেপের ঘোষণার নামে রেলওয়ে কেলেঙ্কারির তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের বিরুদ্ধে সুরঞ্জিত সেনগুপ্ত যে বিষোদ্গার করেছেন, তা গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ অবাধ তথ্যপ্রবাহের বিরুদ্ধে উপহাসমূলক অবস্থানের শামিল।’টিআইবির নির্বাহী পরিচালক স্বাধীন গণমাধ্যম, তথা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী অবস্থান গ্রহণ না করার জন্য সুরঞ্জিত সেনের প্রতি আহ্বান জানান।অন্যদিকে, আজমের সাক্ষাৎকার প্রতিবেদন প্রচারিত হওয়ার পর আরটিভির প্রতিবেদক বায়েজিদ আহমেদ হুমকির শিকার হওয়ায় সংস্থার পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বায়েজিদ আহমেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।