রাজধানীতে এক সেমিনারে বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, দুষ্ট রাজনীতি দুষ্ট সাংবাদিকতার জন্ম দিচ্ছে। এর সূত্র ধরে ক্রমেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার সংকট সাংবাদিকদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘গণমাধ্যমের সাম্প্রতিক চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা ও রিয়াজউদ্দিন আহমেদসহ বিশিষ্ট সাংবাদিকেরা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। সেমিনারে বর্তমান সরকার প্রণীত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইন এবং জাতীয় সম্প্রচার নীতিমালার কড়া সমালোচনা করে তা গণমাধ্যমের জন্য নতুন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন আলোচকেরা।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মূসা বলেন, সরকার জনগণের চেয়ে গণমাধ্যমকেই বেশি ভয় পায় বলে বারবার গণমাধ্যমের ওপর আক্রমণ হয়। তিনি বলেন, ‘যা ঘটার ঘটবে, আইন যত কঠিনই হোক; সাহস করে লিখতে হবে।’
এবিএম মূসা বলেন, ‘বাংলাদেশে বারবার একনায়কতন্ত্র এসেছে, বর্তমান সরকারেরও মনে রাখা দরকার, যে সরকারই ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছে, তারা সসম্মানে বিদায় নিতে পারেনি।’
নিউজ টু ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘আইসিটির ৫৭ ধারা সংশোধন ও সম্প্রচার নীতিমালা দুটিই উদ্বেগের বিষয়। আইসিটি অ্যাক্টের মধ্যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের ভূত দেখা যাচ্ছে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যাশ্রয়ী হতে পারছে না। তাই অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকে সত্যাশ্রয়ী হতে হবে, আর বাইরের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
আইসিটি আইনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য ও কালো আইন বলে মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, ক্ষমতার পরিবর্তন হলে এ আইনের সবচেয়ে বড় শিকারে পরিণত হবে আওয়ামী লীগ।’
বিএফইউজের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ গণমাধ্যমের ব্যাপারে চরম অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করা ও গণমাধ্যমকে বিতর্কিত করার জন্য সরকারের উসকানিমূলক আচরণকে দায়ী করেন।
বিএফইউজের (আরেক অংশ) সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল সব ধরনের গণমাধ্যমের জন্য একটি ‘জাতীয় গণমাধ্যম নীতিমালা’ করার প্রস্তাব করেন। তিনি আইসিটি ও জাতীয় সম্প্রচার নীতিমালার কিছু দ্বান্দ্বিক অবস্থানের উল্লেখ করে বলেন, একাধিক নীতিমালা থাকলে একটি অন্যটির সঙ্গে সাংঘর্ষিক হবে, এটাই স্বাভাবিক।
সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর প্রেস ইনস্টিটিউট ও প্রেস কাউন্সিল অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। এর জন্য সাংবাদিকদেরই দায়ী করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, তথ্য কমিশনার সাদেকা হালিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।