গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনুমতি লাগবে কর্মকর্তা কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে মন্তব্য ও অভিমত প্রকাশে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ পেয়েছেন করপোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এতে বলা হয়েছে, অনুমতি ছাড়া কেউ গণমাধ্যমে মন্তব্য বা অভিমত প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে যে করপোরেশনের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন পত্র-পত্রিকায় করপোরেশনের বিষয়াদি নিয়ে অভিমত/মন্তব্য প্রকাশ করে থাকেন, যা বিধিসম্মত নহে। ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ না করে কোনো কর্মকর্তা ও কর্মচারী অত্র করপোরেশনের কার্যক্রম নিয়ে পত্রিকায় অভিমত/মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আদেশ দেওয়া গেল। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে মাননীয় মেয়র মহোদয়ের সদয় সম্মতি রয়েছে।’
তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাউকে কথা বলতে নিষেধ করা হয়নি। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ তথ্য দিলে তাতে ভুল থাকে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে সঠিক ও নির্ভুল তথ্য দিতে পারবেন। দায়িত্বশীল কর্মকর্তা ছাড়া অন্য কেউ যাতে গণমাধ্যমকে তথ্য না দেন, ওই আদেশে তা-ই বলা হয়েছে।
জানতে চাইলে সচেতন নাগরিক কমিটি-টিআইবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সবাই কথা বললে তথ্য বিকৃতি ঘটতে পারে। কিন্তু সংবাদমাধ্যমের কাছে অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’