গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও সহজ করতে হবে। সেনাবাহিনীকে সম্ভাব্য সংকটময় মুহূর্তে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে সঠিক সময়ে। গতকাল মঙ্গলবার ‘পিলখানা হত্যাযজ্ঞ: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, পিলখানা ট্র্যাজেডির সময় গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি। সেনাবাহিনীর সঙ্গে যথাযথ যোগাযোগের ব্যবস্থা না থাকাতেই এমনটি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণ শিক্ষক সাখাওয়াত আলী সভাপতির বক্তব্যে বলেন, পিলখানা হত্যাযজ্ঞ ছিল সামরিক ও বেসামরিক গোয়েন্দাদের বড় ব্যর্থতার পরিণাম। ইলেকট্রনিক মিডিয়াগুলো তখন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। সংকটের সময় করণীয় সম্পর্কে অভিজ্ঞতা না থাকায়ই এমন হয়েছে। মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, ‘সময়মতো’ অ্যাকশনে গেলে এত সেনা নিহত হতো না। মূল কমান্ডিং ফোর্সের সঙ্গে আইএসপিআরের দূরত্ব রয়েছে। এ কারণেই তাদের বক্তব্য দিতে দেরি হয়। অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম শাহনাওয়াজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঈশা মোহাম্মদ, দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র সহকারী সম্পাদক শাহীন রেজা নূর, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন, ৭১ টেলিভিশনের পরিচালক (বার্তা) ইশতিয়াক রেজা প্রমুখ বক্তব্য দেন।