বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।
আনোয়ারুল আজিম বলেন, ‘শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা জ্ঞান বিতরণ ও সৃষ্টির কাজটি অব্যাহত রেখেছি, কিন্তু সেটি কাঙ্ক্ষিত মাত্রায় প্রকাশিত হচ্ছে না।’
গতকাল শনিবার নগরের একটি রেস্তোরাঁয় চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী, সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মোহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিককে হুমকি দেওয়া ছাত্রসংগঠনের কর্মীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপাচার্য।
সম্প্রতি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মুঠোফোনে হুমকি দেন এক ছাত্রলীগ নেতা।