
দেশে গত চার দশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুহার কমেছে। তবে বেড়েছে সম্পদহানিজনিত আর্থিক ক্ষয়ক্ষতি। এই ক্ষতি কমাতে গণমাধ্যমের সাহায্য অপরিহার্য। গতকাল বুধবার প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মত প্রকাশ করেছেন আলোচকেরা।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের শিরোনাম ছিল ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও গণমাধ্যমের ভূমিকা’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) এতে সহযোগিতা করে।
সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞসহ আলোচকেরা বৈঠকে বলেন, গণমাধ্যমের জোরালো ভূমিকার কারণেই মানুষের মধ্যে সচেতনতা ধীরে ধীরে বেড়েছে। তাই বর্তমানে দেশে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমছে। তবে গণমাধ্যম ও প্রশাসন একসঙ্গে কাজ করলে জনসচেতনতা আরও বাড়বে এবং দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।
২৭ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এ বৈঠকে সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ও সিডিএমপির জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম। প্রকল্প পরিচালক জানান, ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নানা ধরনের ৪৪০টি দুর্যোগে মোট তিন হাজার ৫৪০ কোটি ৩৮ লাখ দুই হাজার মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। আর মোট প্রাণহানি হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৮৪ জনের।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম বলেন, সর্বশেষ ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর সময় প্রায় ১১ লাখ উপকূলবাসীকে দ্রুত সরানো সম্ভব হয়েছিল। সে সময় স্থানীয় গণমাধ্যম যেমন—কমিউনিটি রেডিও, স্থানীয় মসজিদের মাইক, স্থানীয় সাংবাদিক, এলাকার সাধারণ মানুষ ও প্রশাসনের সবাইকে নিয়েই এ কাজ করা সম্ভব হয়েছিল।
সচিব আরও বলেন, মৌসুমি দুর্যোগ যেমন—ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি ক্ষেত্রে গণমাধ্যম দুর্যোগপূর্ব প্রস্তুতি নিতে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে সাহায্য করতে পারে। একইভাবে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন—অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, উদ্ধারকাজে প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ফ্যাকাল্টি অব এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন এ এস এম মাকসুদ কামাল বলেন, যথাযথ নিয়ম না মেনে ভবন তৈরি করে বা পর্যাপ্ত রাস্তা না রেখেই বাড়িঘর বানিয়ে মানুষজন নিজের আবাসস্থলকেই ঝুঁকিপূর্ণ করে তোলে। অথচ সামান্য সচেতনতা থাকলেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘বন্যা, ঘূর্ণিঝড়ের আঘাত মোকাবিলা করে কীভাবে বাঁচতে হয়, বাংলাদেশের মানুষ তা নিজের জীবন থেকেই শেখে। তবে অপরিকল্পিত নগরায়ণের কারণে শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকা শহরের ৯০ ভাগ মানুষ মারা যাবে বলে আমার ধারণা। গণমাধ্যমই সরকারকে সচেতন করেছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরীন বলেন, শুধু দুর্যোগের সময় নয়, দুর্যোগের আগে ও পরেও গণমাধ্যমকে কাজ করতে হবে। বছরের সব সময়েই গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন বা অনুষ্ঠান প্রচার করলে জনগণের উপকার হবে।
মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটিতে গণমাধ্যমের প্রতিনিধি রাখার দাবি জানান। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সংবাদপত্র বা টিভিতে প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচার নয়, বরাদ্দকৃত অর্থের বিষয়ে সুষ্ঠু জবাবদিহিতারও প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহকারী অধ্যাপক আফসানা হক বলেন, জলাশয় ভরাট ও ত্রুটিপূর্ণ ভবন নির্মাণের কারণে মনুষ্যসৃষ্ট দুর্যোগ ঘটেছে। যেমন—রানা প্লাজা, তাজরীন ট্র্যাজেডি। ঘটনা ঘটলেও উদ্ধারের রাস্তা নেই। ফলে ক্ষতি প্রচুর বাড়ছে। এসব প্রতিরোধে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা বা ভুলত্রুটিও তুলে ধরতে হবে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় নতুন প্রযুক্তি অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু যাত্রা-নাটকের মতো পুরোনো পদ্ধতিতেও গণসচেতনতা বাড়াতে হবে।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন উন্নত বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন বৈঠকের সঞ্চালক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ২০০৭ সালে সিডর ও অন্যান্য দুর্যোগে প্রথম আলোসহ অন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। গণমাধ্যমে প্রকাশিত সে সময়কার তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা যেতে পারে। আব্দুল কাইয়ুম উল্লেখ করেন, ঘূর্ণিঝড় সিডর নিয়ে প্রথম আলো ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত উপকূল নামে একটি প্রামাণ্যগ্রন্থ প্রকাশ করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামসুর রহমান দুর্যোগ প্রস্তুতি দিবসের ঠিক আগে এই গোলটেবিল বৈঠকটি যথেষ্ট ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।
সিডিএমপির পরিচালক পিটার মিডওয়ে গণমাধ্যমকে ধন্যবাদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বাংলাদেশের ওপর দুর্যোগের প্রকোপ অনেক বেড়েছে। কিন্তু গণমাধ্যমের যথাযথ ভূমিকা ও স্থানীয় ব্যক্তিদের নিজস্ব অভিজ্ঞতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
সিডিএমপির পরামর্শক আবদুল লতিফ খান গণমাধ্যমের করণীয় প্রসঙ্গে বলেন, বিভিন্ন দুর্যোগ সম্পর্কে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের করা প্রতিবেদন ও জরিপ জনগণের জন্য সহজবোধ্য করে উপস্থাপন করা উচিত। এতে জনগণ নিজেদের করণীয় সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবে।