গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিবসটি পালন করে। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও তথ্য অধিকার আইনের বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানো হয় এসব অনুষ্ঠানে।সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এক মানববন্ধনের আয়োজন করে। জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিতে জাতীয় উন্নয়নে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানানো হয়।বেসরকারি সংস্থা ‘অধিকার’ দেশের প্রতিটি বিভাগীয় শহরে শোভাযাত্রা ও মতবিনিময় সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। অধিকারের প্রকল্প পরিচালক তাসকিন ফাহমিনা বলেন, ২০০৪ থেকে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৫ জন সাংবাদিক খুন হয়েছেন। এ ছাড়া ২৯৯ জন আক্রান্ত, ৭৪০ জন আহত ও ৯১১ জন হুমকির শিকার হয়েছেন। তথ্য অধিকার আন্দোলন, নাগরিক উদ্যোগ, গ্রীন ভয়েস ও যুব নাগরিক অধিকার জোট গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এই দাবিতে তারা জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও পথনাটকের আয়োজন করে।ঢাকার ইউনেসকো কার্যালয় এবং বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজমের (বিসিডিজেসি) যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাতজন সাংবাদিকের হাতে ইউনেসকো বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১১ তুলে দেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরে জনগণের উপকার করতে পারেন। অনুষ্ঠানে আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান ও ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধি ডেরেক এলিয়াস বক্তব্য দেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন গণমাধ্যম দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে।