গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক জবাবদিহি ও টেকসই উন্নয়নের স্বার্থে গণমাধ্যমের সংবিধানস্বীকৃত স্বাধীনতার অধিকার সমুন্নত রাখতে সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সব ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শত প্রতিকূলতা ও ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম দেশে গণতান্ত্রিক বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহায়ক শক্তি হিসেবে অমূল্য অবদান রাখছে। এই ভূমিকা অব্যাহত রাখতে সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাসহ স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশের বিকাশ নিশ্চিত করা সরকার এবং সব অংশীজনের অপরিহার্য দায়িত্ব।
গণতান্ত্রিক জবাবদিহি ও সুশাসন এবং জনকল্যাণমুখী, অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নপ্রক্রিয়া সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ ও সংবাদকর্মীদের ওপর হয়রানি বা দায়িত্ব পালনে বাধা দূর সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো আইনি, প্রশাসনিক, নীতি বা প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে বিরত থাকা উচিত।
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩–এর ৫৭ ধারাসহ সরকারের বিবেচনাধীন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, খসড়া সম্প্রচার আইন ও প্রেস কাউন্সিল আইনের সাম্প্রতিক সংশোধনী প্রস্তাবসমূহ চূড়ান্ত করার ক্ষেত্রে এমন সব ধারা বাতিল করতে হবে, যার ফলে মাত্রাতিরিক্ত ও নিবর্তনমূলক নজরদারির সুযোগ সৃষ্টি হতে পারে এবং তথ্যের অবাধগম্যতা ও মত ও তথ্য প্রকাশের মৌলিক অধিকার খর্ব হতে পারে।’
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সব গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীদের প্রতি নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে সব ধরনের স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে টিআইবি। গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠায় অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের উত্তরোত্তর উৎকর্ষ বৃদ্ধিই গণমাধ্যমের স্বাধীনতায় সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে মনে করে টিআইবি।