গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার তাগিদ ইউরোপীয় পার্লামেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টের সাতটি পৃথক রাজনৈতিক গোষ্ঠী গত মঙ্গলবার আলাদা আলাদাভাবে আলোচনার প্রস্তাব দিয়েছিল। পরে ওই সাতটি প্রস্তাবের বিষয়গুলো নিয়ে যৌথ প্রস্তাবনার ওপর আলোচনার পর একটি অভিন্ন অবস্থানের ওপর সুপারিশের ভিত্তিতে প্রস্তাব গৃহীত হয়।
গতকাল ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গে আনা প্রস্তাবটি ৫৮৬ ভোটে পাস হয়েছে। ইউরোপের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে পাস হওয়া প্রস্তাবের আইনি কোনো বাধ্যবাধকতা নেই। প্রস্তাবের বিপক্ষে ৩১টি ভোট পড়ে এবং ইউরোপীয় পার্লামেন্টের অন্য ২৫ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।
পার্লামেন্টের সবশেষ প্রস্তাবে বাংলাদেশে অসাম্প্রদায়িক ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু এবং বিদেশি সাহায্যকর্মীদের ওপর ইসলামি জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ার ঘটনার নিন্দা জানানো হয়। এ ছাড়া মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় উগ্রবাদের বিস্তার, অসহিষ্ণুতা ও চরম সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপীয় পার্লামেন্ট উদ্বেগ জানিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশের অভিযোগে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্ধ হওয়া গণমাধ্যম অবিলম্বে চালু করা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য ২০১৩ সালে অঙ্গীকার করা ‘ইউএন প্ল্যান অব অ্যাকশন অন দ্য সেফটি অব জার্নালিস্ট অ্যান্ড দ্য ইস্যু অব ইমপিউনিটি’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
পার্লামেন্টে অভিন্ন যে প্রস্তাবনাটি নিয়ে আলোচনা হয়েছে তাতে সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে নির্মমভাবে হত্যা, বিরোধী দলের কর্মীদের গুম, প্রাণভিক্ষা বাতিল করে ২১ নভেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের রায়ে বাংলাদেশের দুই বিরোধী নেতার ফাঁসি কার্যকর, ইতালির নাগরিক সিজার তাবেলা ও জাপানের নাগরিক কুনিও হোশিকে খুন এবং পিয়েরো আরোলারি নামের ইতালির এক যাজক ও চিকিৎসকের ওপর হামলা, আশুরার মিছিলের প্রস্তুতির সময় হামলা এবং বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর তহবিল নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত বৈদেশিক তহবিল নিয়ন্ত্রণ আইনের খসড়ার প্রসঙ্গ এসেছে।
আলোচনায় সম্প্রতি বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংঘাতের প্রসঙ্গ টানা হয়েছে। এ ধরনের ঘটনা অবসানের লক্ষ্যে এসব সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি মুসলিমদের মধ্যে শিয়া ও আহমদিয়া সম্প্রদায়সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও বিহারিদের মতো সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস, বাংলাদেশে ইইউ দূতাবাস এবং ইইউ সদস্য দেশগুলোকে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়া যে বিষয়গুলোতে উদ্বেগ আছে সেগুলো অবিলম্বে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে বলা হয়েছে।