গণমাধ্যমের স্বাধীনতা যেন জনস্বার্থবিরোধী কাজে ব্যবহৃত না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সার্কিট হাউসে মতবিনিময় সভায় বক্তব্য দেন এ কে এম শহীদুল হক
চাঁদপুর সার্কিট হাউসে মতবিনিময় সভায় বক্তব্য দেন এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, যাঁরা হলুদ সাংবাদিকতা করেন তাঁদের স্থায়িত্ব বেশি দিন থাকে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমের স্বাধীনতা যেন জনস্বার্থবিরোধী কাজে ব্যবহৃত না হয়, সেদিকে সাংবাদিকদের লক্ষ রাখতে হবে।
গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইজিপি এসব কথা বলেন। শহীদুল হক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা দরকার। সরকার সেই স্বাধীনতা দিয়েছে। গণমাধ্যমের অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সেই আলোকে এখনো সামাজিক পরিবর্তন আসেনি।
আইজিপি বলেন, পুলিশ এবং সাংবাদিকদের কাজ একই সূত্রে গাথা। সাংবাদিকদের প্রকাশিত তথ্য পুলিশের অনেক কাজে লাগে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তবে তাঁকে বিভাগ থেকেই শুধু বের করে দেওয়া হবে না, মামলা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় সভায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
দুই বিদেশি হত্যাকাণ্ড পরিকল্পিত: এর আগে গত বৃহস্পতিবার চাঁদপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, ইতালীয় ও জাপানি নাগরিক হত্যাকাণ্ড পরিকল্পিত। এ হত্যাকাণ্ড একটি ষড়যন্ত্র। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, দুই-একটি ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা যাবে না।