গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তথ্য জানার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্তৃত্ববাদী এই সরকারের কাছে দেশের জনগণের সেই অধিকার হুমকির মুখে। খবর ইউএনবির। আজ বৃহস্পতিবার দেশব্যাপী সংবাদপত্রের ‘কালো দিবস’ পালনের প্রাক্কালে গতকাল বুধবার তিনি এ আহ্বান জানান। ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার মাত্র চারটি বাদে সব পত্রিকা বন্ধ করে দেয়। বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকদের সংগঠন আজ দেশব্যাপী এ দিবসটি পালন করবে। এক বার্তায় খালেদা জিয়া বলেন, ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ৩৬ বছর আগে তৎকালীন বাকশাল সরকার সংবাদপত্র বন্ধ করে দেশের জনগণ, সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল। তখন বহু সাংবাদিক ও কর্মচারী চাকরি হারিয়েছিলেন। এসবের উদ্দেশ্য ছিল একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই অন্যদের মতামত সহ্য করতে পারে না। সেই দলটিই আজ ৩৬ বছর পর আবারও জনগণের কণ্ঠরোধ এবং সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা হরণের চেষ্টা করছে।খালেদা জিয়া বলেন, ওই সময় বাকশাল সরকারের করা কালো আইন বাতিল করে জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।