গণমাধ্যমের স্বাধীনতা সব সময় নিরঙ্কুশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণমাধ্যমের স্বাধীনতা সব সময় নিরঙ্কুশ নয়’ বলে পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রকাশিত জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ রায়ে এ অভিমত দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৮২ পৃষ্ঠার এই রায়ে বলা হয়েছে, গত ১৬ জুলাই জনকণ্ঠ-এর ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামের প্রকাশিত নিবন্ধে আদালতের গুরুতর অবমাননা হয়, এমন সব উপাদানই রয়েছে। গত ১০ আগস্ট মামলার সংক্ষিপ্ত রায় পড়ে শোনানো হয়, যাতে জনকণ্ঠ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায় উভয়েই আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। রায়ে সেদিন আদালতের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত তাঁদের বন্দিত্বের সাজা এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায়ে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা সীমাহীন ও নিরঙ্কুশ নয়। সাধারণ নাগরিকের স্বাধীনতার চেয়ে সংবাদপত্রের স্বাধীনতা উঁচুতে নয়। তবে রায়ে বলা হয়, নির্বাহী আদেশ বা প্রশাসনিক আদেশ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা যায় না।
রায়ে বলা হয়, যেসব প্রকাশনা আদালতকে বিতর্কিত করে, বিচারকাজে বাধা সৃষ্টি করে, তা আদালত অবমাননার শামিল। বিচারাধীন বিষয়ে কথা বলা, আদালতের কর্মকর্তাকে প্রভাবিত করা, বিচারকাজে বাধা দেওয়ার চেষ্টা এবং আদালতের আদেশ না মানা অবমাননার পর্যায়ে পড়ে। যদি কোনো বিচারককে হেয় প্রতিপন্ন করার জন্য কুৎসা রটনা হয়, তা-ও আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে।
রায়ে বলা হয়েছে, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে বা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে বাক্ ও ভাব প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করে যদি লেখা ছাপা হয় এবং এতে চূড়ান্ত বিচারের আগেই মানুষের মনে পূর্বধারণা তৈরি হয়, তা আদালত অবমাননা। যদি কোনো বিচারককে হেয় করার জন্য কুৎসা রটনা করা হয়, তা আদালত অবমাননা। প্রধান বিচারপতিকে যদি তাঁর প্রশাসনিক ক্ষমতার জন্য সমালোচনা করা হয়, সেটাও আদালত অবমাননা।