গণমাধ্যমের স্বাধীনতা সূচকে পেছাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় খারাপ হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইথআউট বর্ডারস (আরএসএফ) বলছে, স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে (ভালো থেকে খারাপের দিকে) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬। গত বছর অবস্থান ছিল ১৪৪। এক বছরে দুই ধাপ নিচে নেমেছে বাংলাদেশ।

আরএসএফ গণমাধ্যমের স্বাধীনতার বৈশ্বিক সূচকের প্রতিবেদন গতকাল বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। গণমাধ্যমের স্বাধীনতার সূচকের তালিকার শীর্ষে আছে নরওয়ে। আর সবচেয়ে বাজে অবস্থায় আছে উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সংবিধান ও রাষ্ট্রধর্ম ইসলামের সমালোচনা ভালোভাবে নেয় না। যেসব সাংবাদিক ও ব্লগার নিয়ন্ত্রণ বা স্বনিয়ন্ত্রণকে বিরোধিতা করেন, তাঁদের জীবন ইসলামি জঙ্গিদের হুমকিতে পড়ে যায়। এসব জঙ্গি অসাম্প্রদায়িক ব্লগার ও লেখকদের অনলাইনে হত্যার হুমকি দেয়। সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের ওপর হামলা ও হুমকি ব্যাপকভাবে বাড়তে থাকায় গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ বেড়ে যাচ্ছে। অথচ পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা পদ্ধতিগতভাবে দায়মুক্তি ভোগ করছেন।

আরএসএফ বলছে, ২০১৬ সালে সরকার সমালোচক এবং সাধারণভাবে গণমাধ্যমের বিরুদ্ধে সরকার আরও কঠোর হয়েছে। গণমাধ্যমের ওপর আনুষ্ঠানিকভাবে বৈরিতা প্রকাশ, ডজনখানেক ওয়েবসাইট বন্ধ করে দেওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার মধ্য দিয়ে এই অবস্থান স্পষ্ট হয়েছে।

আরএসএফের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আরএসএফ মনগড়া তথ্য ও বিশ্লেষণ দিয়েছে, এর সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতার মিল নেই। বাংলাদেশের অবস্থান নিচে নামার কোনো কারণ নেই। এটা বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার একটা প্রয়াস।’

পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর সাংবাদিক হত্যার দুটি ঘটনা ছাড়া অন্য ঘটনাগুলোর বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি সাংবাদিকের স্বাধীনতাকে সংকুচিত করেছে। এ জন্য রাষ্ট্র দায়ী। আবার কিছু গোষ্ঠী ইসলামের নামে সাংবাদিকদের, মুক্তচিন্তার লেখকদের হুমকি দেয়, হত্যার তালিকা প্রকাশ করে। সরকার এদের ব্যাপারে শক্ত ভূমিকা নিলে বাংলাদেশের সাংবাদিকেরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন।