গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৩-এর খসড়া ক্ষুদ্র রাজনৈতিক চিন্তায় তৈরি করা হয়েছে দাবি করে এটি তাড়াহুড়া করে পাস না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তাঁরা বলছেন, এই নীতিমালায় এমন কিছু ধারা রয়েছে, যার মাধ্যমে আইনের অপপ্রয়োগ হতে পারে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কাও করছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার ১৪ পৃষ্ঠার জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সর্বসাধারণের মতামত নেওয়ার জন্য ২১ দিন এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাখা হবে।

সম্প্রচার নীতিমালার খসড়ার তৃতীয় অধ্যায়ে সংবাদ ও অনুষ্ঠান প্রকাশের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ‘কোনো আলোচনামূলক অনুষ্ঠানে কোনো প্রকার অসংগতিপূর্ণ বিভ্রান্তিমূলক অসত্য তথ্য বা উপাত্ত দেওয়া পরিহার করতে হবে। এ ধরনের অনুষ্ঠানে উভয় পক্ষের যুক্তিসমূহ যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে।’

আইনজ্ঞ শাহদীন মালিকের মতে, এ ধরনের ধারার ফলে আইনের অপপ্রয়োগ হতে পারে। প্রথম আলো ডটকমকে আজ শুক্রবার তিনি বলেন, ‘কোনো বক্তব্য শুধু সত্য কিংবা মিথ্যা হওয়ার কারণে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান প্রায় দেড় শ বছর ধরে সব সভ্য দেশে আইনব্যবস্থা থেকে বিলোপ করা হয়েছে। আইনের অসীম প্রয়োগের কারণে এটি বিলুপ্ত করা হয়েছে।’

শাহদীন মালিক আরও বলেন, নীতিমালায় এসব থাকলে আইনের অপপ্রয়োগই ফিরে আসবে।

সম্প্রচার নীতিমালার খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, ‘অনুষ্ঠানে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার করা যাবে না।’

নীতিমালায় এ ধরনের ধারা বহাল থাকলে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন ‘দৈনিক মানবজমিন’-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলো টিভি চ্যানেল, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রচারকাজ চালিয়ে থাকে। সরাসরি রাজনৈতিক দলের বক্তব্য প্রচার করা না গেলে তো আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলের সভা-সমাবেশও প্রচার করা যাবে না।’

জাতীয় সম্প্রচার নীতিমালার এই খসড়া ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা থেকে বের হয়ে এসেছে মন্তব্য করে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমার কাছে যেসব তথ্য সংগতিপূর্ণ, আরেকজনের কাছে সেসব অসংগতিপূর্ণ মনে হতেই পারে। প্রশ্ন হচ্ছে, সংবাদ প্রচারের ক্ষেত্রে অসংগতিপূর্ণ তথ্য নির্ণয় করবে কে বা কারা? জাতীয় সম্প্রচার নীতিমালা এভাবে হলে গণমাধ্যমের স্বাধীনতার যতটুকু অর্জন, তাতে সরাসরি হস্তক্ষেপ করা হবে।’ 

জাতীয় সম্প্রচার নীতিমালার বিষয়ে বর্তমান সরকার তাদের ফেলে আসা সাড়ে চারটি বছরকে কাজে লাগায়নি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।

বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উচিত তাড়াহুড়া করে জাতীয় সম্প্রচার নীতিমালা পাস না করা। এই সরকারের উচিত এটি পরবর্তী যে দলের সরকারই আসুক না কেন, তাদের জন্য রেখে দেওয়া। পরবর্তী সরকারেরও উচিত হবে তাদের মেয়াদ শুরুর দিকে সবার সঙ্গে আলোচনা করে জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরি করা।’