বাংলাদেশের গণযোগযোগ, গণমাধ্যম ও সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, সংকট, ভবিষ্যতসহ নানা বিষয় উঠে এসেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনে। এ যুগের ফেসবুক থেকে শুরু করে ছাপা পত্রিকার বর্তমান অবস্থা কিংবা জঙ্গিবাদের মতো বিষয়গুলো নিয়েও নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেছেন গবেষকেরা। তবে ঘুরেফিরে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথাই উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা সরকারের সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন। কিন্তু খলনায়ক হবেন না। আমরা পোষা সাংবাদিক চাই না। সরকারের দালাল চাই না। কিন্তু সাংবাদিকতার নামে সংবিধান মানবেন না, তা হবে না। সাংবাদিকতার নামে আপনারা ভালো-মন্দকেও একপাল্লায় মাপবেন না।’
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে হতে হবে বস্তুনিষ্ঠ। কিন্তু নিরপেক্ষতার নামে রাজাকার আর মুক্তিযোদ্ধার মধ্যে কোনো ভারসাম্য বজায় রাখার দায়িত্ব গণমাধ্যমের নয়। আপনারা জঙ্গিবাদী নেত্রী আর গণতান্ত্রিক নেত্রীকে একপাল্লায় মাপবেন না। বস্তুনিষ্ঠ হোন কিন্তু ব্যালেন্স করবেন না। খণ্ডিত তথ্য, ইতিহাস বিকৃত করবেন না। জাতির ক্রান্তিলগ্নে আপনাদের পক্ষ নিতে হবে।’
এর আগে সকালে বাংলাদেশের প্রথম গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনের উদ্বোধন করে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, একটি রাষ্ট্রে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা যেমন নিশ্চিত করতে হবে, তেমিন সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।
উপাচার্য বলেন, বর্তমান যুগে কে কার আগে সংবাদ দেবে, সেই প্রতিযোগিতা চলে। সংবাদ আগে দেওয়ার চেষ্টা করা ভালো কিন্তু সেই প্রতিযোগিতা করতে গিয়ে কোনোভাবেই ভুল করা যাবে না। বস্তুনিষ্ঠতার স্বার্থে একটু পরে হলেও সঠিক সংবাদ প্রকাশ করা যেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত আলী খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন এবং বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদ সূচক বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান প্রথম আলোকে জানান, প্রথম দিনে ১৯টি বিষয় নিয়ে অধিবেশন হয়েছে। আজ আরও ২৫টি বিষয় নিয়ে দিনব্যাপী সম্মেলন চলবে। এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম ও গণযোগাযোগের এবং সাংবাদিকতার ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।