গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি: সিপিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ বাতিলের জন্য জাতীয় সংসদের প্রতি আহ্বান জানিয়েছে ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)’। বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক এ সংগঠনটি বলেছে, এ আইন করা হলে তা হবে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।
গত বুধবার সিপিজে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ আহ্বান জানায়। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত বিলটি পাস হলে রাষ্ট্রবিরোধী বা জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে বিবেচিত কোনো বিষয় অনলাইনে প্রকাশে কঠোর শাস্তি আরোপ করার বিধান থাকবে।
আইনের খসড়াটি গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠলে আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। খসড়ায় প্রস্তাব করা হয়, ইলেকট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আদালত কর্তৃক মুক্তিযুদ্ধ-সংক্রান্ত মীমাংসিত বিষয় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করলে বা এ ধরনের অপপ্রচারে মদদ দিলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এর পাশাপাশি এক কোটি টাকা জরিমানা বা উভয় শাস্তিও হতে পারে।