গণমানুষের কথা বলে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে প্রথম আলোর সুধী সমাবেশে প্রশ্ন করছেন এক অতিথি। ফরিদপুর, ১০ ডিসেম্বর, ২০১৭। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর।
ফরিদপুরে প্রথম আলোর সুধী সমাবেশে প্রশ্ন করছেন এক অতিথি। ফরিদপুর, ১০ ডিসেম্বর, ২০১৭। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর।

বাংলাদেশের গণমানুষের কথা বলে প্রথম আলো। মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আলোর ফিচারগুলো বস্তুনিষ্ঠ। এ থেকে প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ ও লালন করে প্রথম আলো।
ফরিদপুরের প্রথম আলোর সুধী সমাবেশে এভাবেই এ পত্রিকার ভূমিকার কথা তুলে ধরেন পাঠকেরা। আজ রোববার বিকেল সাড়ে চারটায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশা ও শ্রেণি, বিভিন্ন মত ও পথের এবং বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন।
প্রশ্ন-উত্তর পর্বে পাঠকেরা প্রশ্নের পর প্রশ্ন করে গেছেন কোনো রকম রাখঢাক ছাড়াই। প্রশ্নের ধরন ছিল শান্ত ও নিরীহ আবার কখনো শাণিত, তীক্ষ্ণ ও আক্রমণাত্মক। তবে সেসব প্রশ্নের সাবলীল ও প্রাণবন্ত উত্তর দিয়ে গেছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও জ্যেষ্ঠ সহসম্পাদক রাশেদুল আলম।
প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার সঞ্চালনায় শুরু হয় সুধী সমাবেশ। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দুটি গান পরিবেশন করা হয়। এরপর দেখানো হয় ময়মনসিংহের নান্দাইলের সাত সাহসী কিশোরীকে নিয়ে তৈরি করা প্রামাণ্যচিত্র ।
শুভেচ্ছা বক্তব্যে আব্দুল কাইয়ুম বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের পটভূমি ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথম আলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে। দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের সব শ্রেণির মানুষ সমভাবে এগোতে পারছে না। ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে। সমাজের এসব অসংগতি দূর করতে কাজ করছে প্রথম আলো।
আমরা পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছি মন্তব্য করে আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা নিছক সমালোচনার জন্য সমালোচনা করি না।’
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি যুদ্ধকালীন কমান্ডার নূর মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আলোর ফিচারগুলো বস্তুনিষ্ঠ। এ থেকে এ সত্যই প্রতিভাত হয় যে মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা ধারণ ও লালন করে প্রথম আলো। তিনি বলেন, আজ দেশের বড় সংকট হচ্ছে কিশোর-তরুণদের মাদকাসক্তি। এই তরুণেরা আগামী দিনে কী নেতৃত্ব দেবে। তিনি এ ব্যাপারে প্রথম আলোর আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
অধ্যাপক মো. শাহজাহান বলেন, প্রথম আলো শুরু থেকেই নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

সুধী সমাবেশে এক অতিথির প্রশ্ন। ছবি: প্রথম আলো
সুধী সমাবেশে এক অতিথির প্রশ্ন। ছবি: প্রথম আলো

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, প্রথম আলো বাংলাদেশের গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, অর্থনৈতিক লুণ্ঠনের ব্যাপারে প্রথম আলোকে আরও সোচ্চার হতে হবে।
‘প্রথম আলোর ধার কমে গেছে কেন’, ‘মলাটের নামে প্রথম পাতাজুড়ে বিজ্ঞাপন ছাপানো মেনে নিতে পারছি না’, ‘প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে আরও সোচ্চার কেন হচ্ছে না’—এ জাতীয় নানা তির্যক ও তীক্ষ্ণèপ্রশ্নের পাশাপাশি ‘প্রথম আলোই আমাদের একমাত্র ভরসারস্থল’, ‘কুমার নদের অবৈধ দখল রোধে কেন সোচ্চার হচ্ছে না প্রথম আলো’—এ ধরনের স্থানীয় বিষয় নিয়েও প্রশ্ন ছিল।
প্রশ্ন করেন প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন ফকির, সংস্কৃতিকর্মী অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক আবদুল হামিদ, অধ্যাপক ম হালিম, শিক্ষক ওয়াহিদা খানম, অভিজিৎ রায়, ইমরান হোসেন, এনজিও কর্মী ফারহা দিবা, হাসিনা মমতাজ, নিসর্গ সংসদের মজিবর রহমান, লেখক মফিজ ইমাম, নারীনেত্রী আসমা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল মণ্ডল, শিশু সংগঠক সিরাজুল আজম, কাউন্সিলর খন্দকার সামসুল আরেফিন, ফটোগ্রাফার মনোয়ার মাহমুদ, গ্রিনফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক আনিসুজ্জামান, আইনজীবী জেসমিন কবির, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক মিজান বাবু, হকার সুমন ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যক্ষ মোশার্রফ আলী বলেন, ইদানীং তরুণদের পত্রিকা পড়ার প্রবণতা কমে গেছে। তরুণদের পত্রিকামনস্ক করে তুলতে প্রথম আলোকে ভূমিকা রাখতে হবে।
পরিশেষে বিভিন্ন প্রশ্নের উত্তরে আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে। সেন্সরশিপ মানে না। পাশাপাশি দেশের বাস্তব অবস্থা মেনে নিয়েই আমাদের কাজ করতে হয়।’ তিনি বলেন, ‘গত ১৯ বছরের পথচলায় আমাদের নানাভাবে হামলা ও হুমকির শিকার হতে হয়েছে, তা অগ্রাহ্য করেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও সাহসী করবে।’
অনুষ্ঠানের শেষে অতিথিদের আপ্যায়ন করা হয় এবং প্রথম আলোর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।