বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২৯ জানুয়ারির গণমিছিলে বাধা দিলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। গতকাল শুক্রবার নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের বিদায়ী সভাপতি আবুল বাসার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর ছিদ্দিক, বিএনপির নেতা ওবায়দুল হক প্রমুখ। জয়নুল আবদিন বলেন, সরকারের অনিয়ম আর দুর্নীতি এখন বিদেশিদের কাছেও ধরা পড়েছে। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ পথে বসেছেন। তিনি অভিযোগ করেন, শেয়ারবাজার থেকে সরকারি দলের নেতারা ৭১ হাজার কোটি টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যারা সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে সরকারি দলের নেতাদের পকেট ভারী করা হয়েছে। অন্যদিকে কথায় কথায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।