গণমিলনায়তন দখল করে বসবাস, ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদারকি না থাকায় খুলনার ডুমুরিয়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আটটি গণমিলনায়তন কেন্দ্রের ছয়টিই দখল হয়ে গেছে। দখলদারেরা এসব ভবনে বসবাস ও ব্যবসা করছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪-৮৫ অর্থবছরে উপজেলার আটটি ইউনিয়নে গণমিলনায়তন কেন্দ্রের টিনশেড ভবন নির্মাণ করা হয়। স্থানীয় লোকজনের দান করা জমিতে এসব ভবন নির্মাণ করা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, আলোচনা সভা, প্রশিক্ষণসহ নানা কাজের জন্য এগুলো নির্মাণ করা হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া ইউনিয়নের গণমিলনায়তন কেন্দ্রের ভবনটিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী আবদুস সালাম পরিবার নিয়ে বাস করছেন। গুটদিয়া ইউনিয়নের কেন্দ্রে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। ভান্ডারপাড়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একটি ছিন্নমূল পরিবার বসবাস করছে। ধামালিয়া ইউনিয়নের বরুণা বাজারের পাশে অবস্থিত কেন্দ্রে এলাকার জহুরুল ইসলাম স্যানিটারি সামগ্রী বিক্রি করেন। রঘুনাথপুর ইউনিয়নের কেন্দ্রে এলাকার আলমগীর রাইভি প্রাইভেট পড়ান। রূদাঘরা ইউনিয়ন ও রংপুর ইউনিয়নের কেন্দ্রে জমিদাতাদের স্বজনেরা বসবাস করছেন। খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামে অবস্থিত কেন্দ্রের টিনের চাল উড়ে গেছে।
গণমিলনায়তন কেন্দ্র দখল করার বিষয়ে জহুরুল ইসলাম বলেন, ‘সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে ব্যবসা করছি।’ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী আবদুস সালাম বলেন, ‘কার্যালয়ের ভবন খালি পড়ে আছে। তাই আমি এ ভবনে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী আল-মাসুদ জানান, গত জুন মাসে উপজেলা পরিষদের সভায় তিনি ভবনগুলো দখলমুক্ত ও সংস্কার করে ব্যবহার উপযোগী করার প্রস্তাব করেছিলেন। কিন্তু তাঁর প্রস্তাবে কেউ সাড়া দেয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, দ্রুত ওই ভবনগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।