গণমুখী সড়ক পরিবহন আইনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সড়ক পরিবহন আইন ২০১৬’-এর খসড়া প্রত্যাখ্যান করে দুর্ঘটনা প্রতিরোধসহ পরিবেশবান্ধব গণমুখী আইন প্রণয়নের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
গতকাল পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় কমিটির নেতারা এই দাবি জানান। নেতারা বলেন, আমলাদের দিয়ে প্রণীত এই আইন সড়ক নিরাপত্তায় কোনো কাজে আসবে না। লিখিত বক্তব্যে জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, সর্বশেষ প্রণীত খসড়ায় তত্কালীন যোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলাদা দুটি কমিটির সুপারিশকে উপেক্ষা করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি সম্পর্কিত কোনো বিধান নেই, সড়ক দুর্ঘটনাকে অপরাধ ও দণ্ডবিধিতে অন্তর্ভুক্ত করা হয়নি।