‘আজ মনে হচ্ছে একটি মহাকাব্যের প্রথম খণ্ড রচিত হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র আমি হলেও এটি সম্ভব হয়েছে অনেকের সহযোগিতায়। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আর আপনাদের ভালোবাসাই ছিল এ সংগ্রামের অনুপ্রেরণা।’গতকাল সোমবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা দিবস। বিভাগ দিবস পালনের অনুষ্ঠানে স্নাতকোত্তর পরীক্ষার্থী সাইফুল সামিন এভাবেই জানালেন তাঁর অনুভূতি। দুই বছর আগে তেজগাঁওয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সামিনের দুই পা ট্রেনে কাটা পড়ে। দীর্ঘ চিকিৎসা আর কৃত্রিম পা সংযোজনের পর গতকাল সামিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। তাই এবারের বিভাগ দিবসের সব আয়োজন ছিল সামিনের ফিরে আসাকে ঘিরে। এ যেন ছিল সামিনের হাঁটা উদ্যাপন। দিবসটি উপলক্ষে সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এতে নেতৃত্ব দেন। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় আর সি মজুমদার মিলনায়তনে। বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদুল হকের সঞ্চালনায় সেখানে হয় মূল অনুষ্ঠান। তিনি সামিনকে মঞ্চে আসার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তনের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে একে একে ১৪টি কদম ফেলে মঞ্চে ওঠেন সামিন। দেশে তৈরি বিশেষ বাঁশির শব্দে মুখর হয়ে ওঠে পরিবেশ। একসময় সে শব্দ থেমে আসে। সাইফুল সামিন শুরু করেন তাঁর আবার হাঁটতে পারার গল্প। বলেন বন্ধু, সহপাঠী আর শিক্ষকদের সহযোগিতার কথা। একপর্যায়ে আবেগে আপ্লুত হয়ে সামিন বলেন, ‘আমি যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলাম, তখন পরিবার থেকে জানানো হলো আমাকে আর পড়ালেখা করানো হবে না। কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমার একেকজন শিক্ষক আমাকে বাবা-মায়ের স্নেহ দিয়েছেন। আর এই সংগ্রামে টিকে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সাংবাদিকতা বিভাগ ও প্রথম আলো।’সামিনের কৃত্রিম পা সংযোজন করতে মোট ২২ লাখ টাকা লেগেছে। সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে সাড়ে ১০ লাখ এবং প্রথম আলোর পক্ষ থেকে সাড়ে ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। সামিনের পা সংযোজন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এন্ডোলাইট বাংলাদেশের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার শৈবাল ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইফুলের পা সংযোজন করতে নয় মাস আমরা কাজ করেছি। তাঁর মানসিক দৃঢ়তার কারণেই আবারও তাঁকে জীবনযুদ্ধে দাঁড় করাতে পেরেছি।’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সামিন হেঁটে এসেছে। নিজের উদ্যম ও প্রচেষ্টা না থাকলে এটি সম্ভব হতো না। সামিনের এ ফিরে আসাতে প্রথম আলোর সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ বিভাগের প্রবীণ শিক্ষক সাখাওয়াত আলী খান বলেন, ‘আজকের দিনটি অবশ্যই আনন্দের। এই বিভাগের ছাত্ররা সাংবাদিকতায়ও ভালো করছে। এটিও একটি আনন্দের বিষয়। তবে ইদানীং সাংবাদিকতায় দুর্নীতির কথা শোনা যায়। তবে সাংবাদিকতা বিভাগের কেউ কখনো যেন এ দুর্নীতিতে না জড়ায়।’ অনুষ্ঠানের সভাপতি ও বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন বলেন, সামিনের ফিরে আসার পেছনে ছিল বিভাগ ও প্রথম আলোসহ সবার ঐকান্তিক প্রচেষ্টা। হাঁটতে শুরু করা সামিনকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘আনন্দ ও বিষাদের মধ্য দিয়েই আমাদের জীবনের অগ্রযাত্রা। সামিন আজ আবারও পথচলা শুরু করেছে, এটি আমাদের জন্য আনন্দের। সাংবাদিকতা বিভাগের ৪৮ বছরের যাত্রায় আজকের দিনটি সবার জন্যই বিশেষ আনন্দের। এ জয় শুধু সামিনের নয়, সমগ্র বিভাগের।’ এরপর তিনি সামিনের হাতে প্রথম আলোতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সামিনের বাবা সহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।