গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উৎসব আজ শনিবার শুরু হচ্ছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সভাপতিত্ব করবেন। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার প্রধান অতিথি হিসেবে, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।এরপর সকাল ১০টায় বিভাগের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও সকাল সাড়ে ১০টায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি পালন করা হবে। পরে বেলা ১১টায় ২০ বছর পূর্তি উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে বিভাগের সামনে বিভিন্ন বিষয়ের ওপর চিত্র প্রদর্শনী হবে।পরে বেলা তিনটায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার সংস্কৃতি’ শীর্ষক সেমিনার। এরপর ফ্যামিলি নাইটের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। উৎসবের দ্বিতীয় দিনে কাল রোববার সকাল আটটায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। এরপর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকতা: সীমাবদ্ধতা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার। পরে বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।