গণরায় মেনে নেওয়ার অঙ্গীকার প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, গণরায় মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মিরসরাই শাখার উদ্যোগে এক মঞ্চে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তাঁরা এই অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের উপজেলা সভাপতি জামসেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, শেখ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, এনায়েত হোসেন, মাঈন উদ্দিন মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, ইয়াসমিন আক্তার কাকলী ও ইসমত আরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদের অপর প্রার্থী নুরুল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন এবং সংস্কারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে তাঁরা উপস্থিত জনতার নানা প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সুজনের সাধারণ সম্পাদক আক্তার কবির চৌধুরী, মিরসরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া প্রমুখ।