গণরুমে হিটারের আগুনে দগ্ধ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হিটারের আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর নাম সাদিয়া ইরতিজ (২০)। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আগুনে তাঁর পিঠের ৮ শতাংশ ঝলসে গেছে। তাঁর বাড়ি পঞ্চগড়ে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হল কর্তৃপক্ষ সূত্র জানায়, হলের গণরুমে থাকেন সাদিয়া। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি হিটার বন্ধ করতে গেলে অসাবধানতায় তাঁর গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তাঁর চিৎকারে কক্ষের শিক্ষার্থীরা ছুটে এসে দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে হলের প্রাধাক্ষ্য তুহিন ওয়াদুদ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক মারুফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগুনে এই শিক্ষার্থীর পিঠের ৮ শতাংশ আগুনে ঝলসে গেছে। একই সঙ্গে হাতও কিছুটা দগ্ধ হয়েছে।