গণশুনানি প্রতিবেদনে বাংলাদেশের সুপারিশ
নাগরিকদের গণশুনানি বিষয়ক ‘নাথিং অ্যাবাউট আস, উইদাউট আসঃ সিটিজেনস’ ভয়েসেস ফর উইমেনস, চিলড্রেনস অ্যান্ড এডোলেসেন্টস হেলথ’ শীর্ষক বিশ্ব প্রতিবেদনে প্রথমবারের মতো বাংলাদেশের বিভিন্ন সুপারিশ স্থান পেয়েছে। এই সুপারিশগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দকে স্বাস্থ্য ক্ষেত্রে তাঁদের দেওয়া জবাবদিহির কথা মনে করিয়ে দিচ্ছে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সিটিজেনস পোস্টের বিশ্ব প্রতিবেদনের ২৭ পৃষ্ঠায় স্থান পাওয়া বাংলাদেশ অধ্যায়টি সাংসদ এবং জেনেভা ভিত্তিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী ও অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। প্রতিবেদনটি বাংলাদেশসহ ২০টি দেশে অনুষ্ঠিত প্রায় ১০০টি নাগরিক গণশুনানির সমষ্টি। গণশুনানিগুলোতে বিভিন্ন বয়স ও পেশার নাগরিক অংশ নেন। স্বাস্থ্য খাতের সরকারি কর্মকর্তাসহ নেতৃবৃন্দের কাছে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন। গণশুনানি থেকে প্রাপ্ত সুপারিশগুলোই প্রতিবেদনে স্থান পায়। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে ওয়ার্ল্ড ভিশন, আইপিপিএফ, সেভ দ্য চিলড্রেন এবং দ্য হোয়াইট রিবন অ্যালায়েন্স।
আজ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদনে বাংলাদেশের অংশগ্রহণ প্রক্রিয়া এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন হোয়াইট রিবন অ্যালায়েন্স, বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী চিকিৎসক ফারহানা আহমেদ। ফারহানা বলেন, বাংলাদেশে চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট রিবন অ্যালায়েন্স এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা, ময়মনসিংহ, জয়পুরহাট, কক্সবাজার ও পিরোজপুরে মোট ছয়টি আঞ্চলিক পর্যায়ের গণশুনানির আয়োজন করে। পরে রাজধানীতে ব্র্যাক সেন্টারে জাতীয় পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সব সুপারিশ এক সঙ্গে করে পাঠানো হয় জাতিসংঘে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে। গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব প্রতিবেদনটি প্রকাশিত হয়। বাংলাদেশে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি উদ্বোধন করা হল।
বাংলাদেশের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিককে নজরদারির আওতায় আনা, স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক ও অন্যান্যদের জবাবদিহির আওতায় আনা, হাসপাতালগুলোকে নারী ও শিশু বান্ধব করা, হাসপাতালে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য আলাদা কর্নার তৈরি, পুষ্টি, শিশু ও মাতৃস্বাস্থ্যের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, পোশাকশিল্প কারখানায় গর্ভবতী মা ও সন্তানদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়াসহ বিভিন্ন সুপারিশ প্রতিবেদনে স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, প্রতিবেদনটির ‘আমাদের ছাড়া আমাদের সম্পর্কে কিছু নয়’ শিরোনামটি গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। জাতীয় সংসদের কার্যবিধি অনুযায়ী, সংসদের পক্ষ থেকেই এ ধরনের শুনানির আয়োজন করার কথা। তবে তা এখন পর্যন্ত করা হয়নি।
জবাবদিহি প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, জবাবদিহির বিষয়টি কোনো সরকারের কাছেই স্বস্তিকর নয় বা পছন্দ করে না। তবে ২০১৫ পরবর্তী নতুন উন্নয়নের লক্ষ্যমাত্রা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। সরকার তা পূরণে অঙ্গীকার করেছে।
সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক (নবজাতক স্বাস্থ্য) আরেফিন আলম ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন জেড গোমেজ এবং গণমাধ্যমকর্মী শাহানাজ মুন্নী বক্তব্য দেন।