গণশুনানিতে করা অভিযোগ আমলে নেয়নি কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় এক মাসেরও বেশি সময় আগে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এর সপক্ষে মুঠোফোনে কথোপকথনের রেকর্ডও উপস্থাপন করা হয়।
তখন সহকারী কমিশনার (ভূমি) সুজিৎ দেবনাথ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুজিৎ দেবনাথ বলেন, ‘দুদকের গণশুনানিতে অভিযোগকারী ব্যক্তি আমার কাছে লিখিতভাবে অভিযোগ করেননি। এ কারণে অফিস সহকারী আবদুর রাজ্জাকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিখিত অভিযোগ না করলে কোনো ব্যবস্থা নিতে পারব না।’
গত ১৫ জানুয়ারি বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই গণশুনানির আয়োজন করেছিল। গণশুনানিতে উপজেলা ভূমি কার্যালয়, সাবরেজিস্ট্রি কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে সেবা পেতে হয়রানি ও দুর্নীতির শিকার ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরা উপস্থিত থেকে অভিযোগগুলো খণ্ডনের চেষ্টা করেন।
গণশুনানিতে মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের অফিস সহকারী আবদুর রাজ্জাক ২৩৭/৭০ নম্বর ভিপি কেসের নাম পরিবর্তন লিজ নবায়নের জন্য তাঁর কাছ থেকে দুই দফায় ৩২ হাজার টাকা নেন। টাকা নেওয়ার কথোপকথন তিনি মুঠোফোনে রেকর্ড করেন। পরে আবদুর রাজ্জাক তাঁকে দুই হাজার আশি টাকার রসিদ দেন। অবশিষ্ট টাকা অফিস খরচা লেগেছে বলে তিনি জানান। ওই শুনানিতে সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ বলেন, তিনি ঘটনাটি জানেন না এবং আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দুদক কর্মকর্তারা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেন।
মুজাহিদুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘দুদকের গণশুনানির পর আবদুর রাজ্জাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তাঁর পক্ষের লোকজন আপসরফা করার জন্য চাপ দিচ্ছে। টাকার লোভ দেখিয়ে মিথ্যা অভিযোগ করেছি বলে লিখিতভাবে দেওয়ার প্রস্তাব দিচ্ছে। কিন্তু তাতে রাজি হইনি। আমার কাছে ঘুষ নেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।’
অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করে অফিস সহকারী আবদুর রাজ্জাক বলেন, ‘আমি মুজাহিদুল ইসলাম নামের কাউকে চিনি না। কেউ আমাকে টাকাও দেননি।’