গণশুনানিতে সাক্ষীরা ঘটনার জন্য র্যাবকে দায়ী করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় র‌্যাবকে দায়ী করেছেন গতকাল বৃহস্পতিবার গণশুনানিতে সাক্ষ্য দেওয়া বেশির ভাগ সাক্ষী৷ তাঁরা অপহৃত সাতজনকে জীবিত উদ্ধারের ব্যাপারে পুলিশের অবহেলাকেও দায়ী করেছেন৷

হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে গণশুনানিতে সাক্ষীরা এমন বক্তব্য দিয়েছেন৷ গতকাল নারায়ণগঞ্জ সার্কিট হাউসে তদন্ত কমিটির দ্বিতীয় দফা গণশুনানিতে ৭১ জন সাক্ষ্য দেন৷ তবে সাক্ষ্য দিতে নাম নিবন্ধন করেছিলেন ৯৮ জন৷ গত সোমবার প্রথম দফা গণশুনানিতে সাক্ষ্য দেন ছয়জন৷

তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, নিহত নজরুলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল শনিবার সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের রেস্টহাউসে আরেক দফা গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি৷

গতকাল তদন্ত কমিটির ক​াছে সাক্ষ্য দিয়ে বের হয়ে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, র‌্যাব তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছে৷ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তবে শহীদুল ইসলামের এই অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১১-এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, অভিযোগ ভিত্তিহীন৷

বিভিন্ন সূত্র জানায়, প্রথম দফা গণশুনানিতে প্রত্যক্ষদর্শী দাবিদার একজন অংশ নিলেও গতকাল তেমন কেউ ছিলেন না৷ তবে গণশুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা যুক্তিতর্ক ও পারিপার্শ্বিক অবস্থার বিবরণ ​িদয়ে ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র‌্যাব-১১-এর সদস্যদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরেন৷ গণশুনানিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, নিহত নজরুল ইসলামের শ্বশুর, ভায়রা মহিউদ্দিন মোল্লা, প্রতিবেশী ইমান আলী, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ৷

নাম প্রকাশ না করার শর্তে গণশুনানিতে অংশ নেওয়া জেলা আইনজীবী সমিতির এক নেতা প্রথম আলোকে বলেন, তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রাতেই চন্দন সরকারের ভাগনে অরুণাভসহ আইনজীবী নেতারা ওই সাতজনকে র‌্যাবের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে জানিয়েছিলেন৷ কিন্তু পুলিশ সুপার তাঁদের বলেছেন, তাঁরা অসহায়৷ তিনি র‌্যাবের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান৷ আর ফতুল্লা মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়ে​ির (জিডি) করতে বলেন৷

নজরুলের ভায়রা মহিউদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, নূর হোসেনের ক্যাডারদের পক্ষে নজরুলকে তুলে নেওয়া অসম্ভব ছিল৷ নূর হোসেন এ কাজ অর্থের বিনিময়ে র‌্যাবকে দিয়ে করিয়েছেন বলে তিনি তদন্তক​​ারীদের জানিয়েছেন৷

নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম জানান, তিনি কমিটিকে বলেছেন, ছয় কোটি টাকার বিনিময়ে নূর হোসেন র‌্যাবকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ লাশ উদ্ধারের পর লাশের সঙ্গে উদ্ধার হওয়া ইটের মতো ইট র‌্যাব-১১-এর প্রধান কার্যালয়ের অদূরে রাখা ছিল৷ এ ছাড়া ইটগুলো যে বস্তায় ভরা ছিল, সেগুলো সরকারি রেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে৷ এসব কারণে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ঘটনার সঙ্গে র‌্যাবের সংশ্লিষ্টতা থাকতে পারে৷

খু​িনরা গ্রেপ্তার না হলে আন্দোলন: নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেছেন, খুনিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনে নামবেন তাঁরা৷ নজরুলের শ্বশুরও একই কথা জানান৷ নিহত মনিরুজ্জামান স্বপনের বাবা হায়দার আলী খান বলেন, ‘ছেলে হারিয়েছি৷ ছেলে হত্যার বিচার চাইতে যদি আন্দোলনে নেমে মরতে হয়, মরব৷’ তিনি আরও বলেন, ‘র‌্যাবের কর্মকর্তরা কি আইনের ঊর্ধ্বে? কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না?’ নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দিন দেখব৷ তারপর আন্দোলনে নামব৷’