নারায়ণগঞ্জের সাত খুনের মামলা তদন্তে গঠিত কমিটির গণশুনানিতে তেমন সাড়া মেলেনি৷ গতকাল সোমবার গণশুনানির প্রথম দিনে মাত্র সাতজন উপস্থিত হন৷
জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সার্কিট হাউসে এই গণশুনানি হয়৷ নিহত নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম তদন্ত কমিটিকে বলেন, অনেকেই নিরাপত্তার কারণে সার্কিট হাউসে শুনানিতে আসেননি৷ তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় একদিন গণশুনানি করার আহ্বান জানান৷
গতকাল বেলা ১১টার দিকে সার্কিট হাউসে শহরের মাসদাইর এলাকা থেকে একজন, সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকা থেকে দুজন, হাটখোলা এলাকা থেকে একজন ছাড়াও দুজন আইনজীবী আসেন৷ সাক্ষ্য শেষে একজন প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ এলাকা নিয়ন্ত্রণ করেন নূর হোসেন৷ নূর হোসেনই র্যাবকে টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করেছে৷ নূর হোসেন ও অভিযুক্ত র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে৷’
আরেকজন সাক্ষ্যদানকারীও সাংবাদিকদের কাছে নূর হোসেন ও পশাসনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি বলেন, ‘নূর হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জের প্রশাসনের গভীর মম্পর্ক ছিল৷ এ কারণে টাকার বিনিময়ে প্রশাসন নূর হোসেন ও তাঁর সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল৷’
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নির্বাহী সভাপতি আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ করেছেন, তিনি গণশুনানিতে অংশ নিতে সার্কিট হাউসে যান৷ সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত তাঁকে বসিয়ে রাখা হলেও কমিটি তাঁর সাক্ষ্য নেয়নি৷ আর যে স্থানে গণশুনানি হচ্ছে, সেটাও এর জন্য উপযুক্ত নয়৷ এ জন্য মাত্র সাতজন লোক সাক্ষ্য দিয়েছেন৷ কারণ, এজাহারভুক্ত কোনো আসামিকে ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়নি৷ এ কারণে ভয়ে মানুষ গণশুনানিতে অংশ নেয়নি৷
নূর হোসেনের সহযোগী রতন গ্রেপ্তার: নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী রফিকুল ইসলাম ওরফে রতনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ৷ তিনি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও পরিবহন চাঁদাবাজির নিয়ন্ত্রক৷ বিএনপি সরকারের সময়ে সিদ্ধিরগঞ্জ পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নূর হোসেনের সঙ্গে যোগ দেন এবং পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন৷
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, শিমরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
আইনজীবীদের বিক্ষোভ: খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকাল নয়টা থেকে এক ঘণ্টা আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি৷ সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘খুনিদের গ্রেপ্তারে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছি৷ তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলবে৷’
আজ আসবেন খালেদা জিয়া: আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া৷ এ উপলক্ষে গতকাল বিকেলে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাসভবনে সভা অনুষ্ঠিত হয়৷
তৈমুর আলম জানান, দুপুরে খালেদা জিয়া প্রথমে নিহত নজরুলের বাসায় যাবেন৷ সেখানে অপর নিহত তাজুল, স্বপন, লিটন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন৷ তারপর যাবেন আইনজীবী চন্দন সরকারের বাড়ি জালকুড়িতে৷ সেখানে থাকবে চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের পরিবারও৷