গণশুনানির জন্য অভিযোগ পাঠাতে দুদকের অনুরোধ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুষ্ঠেয় গণশুনানির জন্য নাগরিকদের অভিযোগ পাঠাতে অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
দুদকের এ পরিচালক বলেন, ২৭ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হবে। রাজউকের জনসম্পৃক্ত শাখাগুলোর প্রধানদের জবাবদিহির জন্য জনগণের মুখোমুখি করা হবে। রাজউকের উন্নয়ন, পরিকল্পনা ও এস্টেট শাখার সদস্য, পরিচালকেরা নাগরিকদের প্রশ্নের উত্তর দেবেন। এ ছাড়া সংশ্লিষ্ট অন্য বিভাগের কর্মকর্তারাও কথা বলবেন। দুদকের পরিচালক জানান, সংস্থার চেয়ারম্যান, কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুনানিতে উপস্থিত থাকবেন।
নাসিম আনোয়ার বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ দেওয়া জমা দেওয়া যাবে। সেখান থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো বাছাই করে গণশুনানির দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে। অভিযোগ দেওয়ার কারণে গণশুনানির পরবর্তী সময়ে অভিযোগদাতারা কোনো হয়রানির মুখোমুখি হতে পারেন কম না, এমন প্রশ্নের জবাবে দুদকের পরিচালক বলেন, দুদকের পক্ষ থেকে বিষয়টি নিয়মিতভাবে নজরদারি করা হবে।
দুদক সূত্র জানায়, জাপানভিত্তিক সাহায্য সংস্থা ‘জাইকা’ ও দুদকের যৌথ উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সরকারি সেবা দপ্তরগুলোর ওপর পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করছে দুদক। এ প্রক্রিয়ায় গত এক বছরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার, ঢাকায় গণশুনানি করে। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ পেশ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটি দেয় সমাধানের প্রতিশ্রুতি।