গণশুনানির মাধ্যমে ইউপি ভবনের স্থান নির্ধারণ
গণশুনানির মাধ্যমে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।গত বুধবার পরিষদের পুরোনো ভবনের সামনে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ শুনানি গ্রহণ করেন। এ সময় পরিষদের চেয়ারম্যান গোলাম মহম্মদ, ইউপি সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েক শ নারী-পুরুষ শুনানিতে অংশ নেন। গণশুনানিতে ইউনিয়নের মধ্যবর্তী বিষ্ণুপুর গ্রামে ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।ইউপি চেয়ারম্যান গোলাম মহম্মদ জানান, পাঁচ বছর আগে আত্রাই নদীর ভাঙনে হামিদপুর ইউপি ভবনের একাংশ নদীগর্ভে বিলীন হয়। নতুন ইউপি ভবন নির্মাণের জন্য তিন বছর আগে পরিষদের পক্ষ থেকে বিষ্ণুপুর-হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিঞ্চুপুর মৌজার ৫১ শতাংশ জমি নির্ধারণ করে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।