গণশৌচাগার তালাবদ্ধ, ভোগান্তিতে মানুষ
বগুড়ার শিবগঞ্জ পৌর শহরে দুটি গণশৌচাগার আছে। এর মধ্যে একটি শহরের ব্যস্ত এলাকা থেকে দূরে। এটা শহরে আসা মানুষের তেমন কাজে আসে না। অন্য গণশৌচাগারটি শহরের মধ্যে হলেও প্রায় চার বছর ধরে তালাবদ্ধ।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ১৯৯২ সালে এ পৌরসভা গঠন করা হয়। ২০০৯ সালে পৌর এলাকার নাগর বন্দর মহল্লায় একটি শৌচাগার নির্মাণ করা হয়। এর দুই বছর পর সোনালী ব্যাংক এলাকায় একটি শৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু এক বছর না যেতেই সেটি বন্ধ করে দেওয়া হয়।
গত বুধবার শহরের দুটি গণশৌচাগার ঘুরে দেখা যায়, সোনালী ব্যাংক এলাকায় শৌচাগারে পানি উত্তোলনের যে পাম্পটি ছিল, সেটি নেই। পানি রাখার ট্যাংকটিও চুরি হয়ে গেছে। অনেক দিন ধরে তা তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আর নাগর বন্দরের কাছে যে গণশৌচাগার, সেটা কোনোরকমে চালু আছে। তবে পরিবেশ নোংরা। আর নারীদের ব্যবহারের অংশটি একেবারে বন্ধ।
মেয়র তৌহিদুর রহমান বলেন, গণশৌচাগার করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না। কেননা, এসব স্থানের জমি পৌরসভার নয়। এরপরও কিছু জায়গা বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে।