বগুড়ার শেরপুর পৌর শহরে গণশৌচাগার তিনটি। এর মধ্যে একটি শৌচাগার দখল করে সেখানে গড়ে উঠেছে শ্রমিক লীগের কার্যালয় ও চায়ের দোকান। অন্য একটি তালাবদ্ধ। আরেকটি ব্যবহারের অনুপযোগী। শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ এসব গণশৌচাগার নির্মাণ করেছিল।
গতকাল মঙ্গলবার সরেজমিনে শহরের এ তিনটি গণশৌচাগার ঘুরে দেখা যায়, শহরের সওজ কার্যালয়ের পাশে ২০০৪ সালে পৌর কর্তৃপক্ষের নির্মাণাধীন গণশৌচাগারটি কেউ ব্যবহার করতে পারে না। স্থানীয় লোকদের ভাষ্যমতে, শৌচাগারে পানি উত্তোলনের যে পাম্পটি ছিল, তা-ও প্রায় ছয়-সাত বছর আগে চুরি হয়ে গেছে। এই শৌচাগারের এক পাশে উপজেলা শ্রমিক লীগের কার্যালয় এবং আরেক পাশে চায়ের দোকান।
এ প্রসঙ্গে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন বলেন, এ জায়গাটি এখন পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় তিনি এক মাস আগে তাঁর দলীয় সংগঠনের কার্যালয় করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ জায়গা ব্যবহারের জন্য লিখিত আবেদন করবেন তিনি। অন্য পাশের চায়ের দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন, পানি সরবরাহ না থাকায় এ গণশৌচাগার কেউ ব্যবহার করে না। এ জন্য তিনি এখানে তিন বছর ধরে চায়ের দোকান করছেন।
ধুনট রোড বাসস্ট্যান্ডে গণশৌচাগারটি তালাবদ্ধ প্রায় তিন বছর ধরে। এখানে স্থাপন করা পানির পাম্পটি চুরি হয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকায় ওয়ার্ড কাউন্সিলর (৯ নম্বর) ফিরোজ উদ্দিন আহমেদ বলেন, শৌচাগারটিতে পানি সরবরাহ নেই। এ ছাড়া একটি গাড়ির ধাক্কায় শৌচাগারটি ক্ষতিগ্রস্ত হয়। এটি এখনো সংস্কার করা যায়নি। এ জন্য শৌচাগারটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া শহরের বৈকাল বাজার এলাকার শৌচাগারটির পাশে ডাস্টবিন থাকায় এটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বাস-মিনিবাস মালিক সমিতির শেরপুর শাখা কার্যালয়ের সভাপতি নূরুল ইসলাম বলেন, শহরের করতোয়া ও ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় শৌচাগার না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে গাড়ির যাত্রীরা। স্থানীয় বাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মতিউর রহমান জানান, শৌচাগার নিয়ে দুর্ভোগ নিরসনে তাঁরা বিগত সময়ে শেরপুর পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাঁরা কোনো উপকার পাননি।
স্থানীয় বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শহরের দুটি বাসস্ট্যান্ড এলাকায় শৌচাগার না থাকায় স্থানীয় ব্যবসায়ীরাও দুর্ভোগে পড়ছেন। আবার রাতের আঁধারে গাড়ির অনেক যাত্রী যেখানে-সেখানে প্রস্রাব করছেন। কেউ কেউ মল ত্যাগও করছেন। এতে বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ বিপন্ন হচ্ছে।
শৌচাগারে পানির পাম্প চুরি প্রসঙ্গে শেরপুর পৌরসভার সচিব দিলীপ মহন্ত বলেন, দুটি শৌচাগার থেকে পানির পাম্প চুরি হয়েছে—এ কথা তাঁর জানা নেই।
শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ২০০৪ সালে শহরের সওজ কার্যালয়ের পাশে এবং ২০১০-১১ অর্থবছরে শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড ও বৈকাল বাজার এলাকায় গণশৌচাগার নির্মাণ করা হয়। এসব শৌচাগার এখন কী অবস্থায় আছে তা তাঁর জানা নেই।
শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, তিনি চলতি মাসের ৯ ফেব্রুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ সমস্যা নিরসনে তিনি উদ্যোগ নেবেন।