গণশৌচাগার নেই, নাগরিক বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের উল্লেখযোগ্য কয়েকটি স্থানে কোনো গণশৌচাগার না থাকায় নাগরিকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।
সাংস্কৃতিক চর্চার অন্যতম স্থান হলো রংপুর টাউন হল চত্বর। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার, পাবলিক লাইব্রেরি মাঠ, জেলা শিল্পকলা একাডেমী, সরকারি গণগ্রন্থাগার, রংপুর পাবলিক লাইব্রেরি, একাধিক সাহিত্য-সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কার্যালয় রয়েছে। এখানে প্রায় দিন জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের অনুষ্ঠান লেগেই থাকে। কিন্তু একটিও গণশৌচাগার নেই। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে মাঠের পাশে, শহীদ মিনারের এক কোণে, টাউন হল চত্বরের খোলা স্থানে প্রাকৃতিক কাজ সারতে দেখা যায়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত ভট্টাচার্য বলেন, দিন দিন মানুষ বাড়ছে। প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। পাবলিক লাইব্রেরি মাঠ ও টাউন হল চত্বরের আনাচকানাচে প্রাকৃতিক কাজ সারতে খোলা স্থানই খুঁজে নিতে বাধ্য হন তাঁরা। অবিলম্বে সেখানে একটি গণশৌচাগার গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
শহরের কাচারিবাজার এলাকার মধ্যে আদালত এলাকা, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় রয়েছে। এ ছাড়া রয়েছে রংপুর প্রধান ডাকঘর, সিভিল সার্জন, আঞ্চলিক টেলিকমিউনিকেশন, প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিভাগীয় কার্যালয়। এসব কার্যালয় ও মামলার প্রয়োজনে আদালত এলাকায় সংগত কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের ভিড় থাকে। সেই সঙ্গে রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চবিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসে থাকেন। যেখানে প্রতিদিন নানা কাজে শহর ও আট উপজেলার লোকজনের সমাগম ঘটে। কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো গণশৌচাগার নেই।
শহরের জাহাজ কোম্পানী মোড়ের দুই ভবনের দেয়ালের ফাঁকে কয়েকজনকে প্রাকৃতিক কাজকর্ম সারতে দেখা যায়। এর পাশের একটি দোকানমালিক আবদুস সাত্তার বলেন, এসব কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, মেডিকেল মোড় এলাকাসহ আরও কিছু এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক জনসাধারণের সমাগম ঘটে। কিন্তু এসব এলাকাতেও নেই কোনো গণশৌচাগার।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘পাবলিক টয়লেট করার উদ্যোগ নিয়েছি। কিন্তু জায়গা পাচ্ছি না। কেননা এসব স্থানের জমি সিটি করপোরেশনের নয়। এর পরও কিছু জায়গা বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’