গণশৌচাগার দখল করে ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনটির নিচতলায় ছিল পৌরসভার গণশৌচাগার, এখন হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝিনাইদহ জেলার কার্যালয়। ঝিনাইদহ শহরের পুরোনো ডিসি কোর্ট ভবনের সামনের এই গণশৌচাগারটি দখল করে নিয়েছেন নির্মূল কমিটির কর্মকর্তারা। শৌচাগারটি সংস্কার করে সেখানে দপ্তর বানিয়ে ব্যবহার করছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, পৌর এলাকায় গণশৌচাগারের সংকট থাকায় ১৫ বছর আগে প্রায় এক লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের জায়গায় শৌচাগারটি নির্মাণ করে পৌরসভা। পরে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতারা পৌরসভার অনুমতি নিয়ে ভবনটির দোতলায় দপ্তর স্থাপন করেন। দীর্ঘদিন ধরে নিচতলা শৌচাগার ও দোতলা নির্মাণশ্রমিকদের কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছিল। ওই কর্মকর্তা আরও জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়। যেকোনো সময় ভবনটি ভাঙা হতে পারে—এ আশঙ্কায় কিছুদিন শৌচাগারটির ব্যবহার বন্ধ থাকে। গত এপ্রিলের প্রথম দিকে নির্মূল কমিটির নেতারা ভেতরের বাথরুমের দেয়াল ভেঙে শৌচাগারটি দখল করেন। শৌচাগারটি সংস্কার করে দেয়ালে বড় করে লিখে দেন, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ঝিনাইদহ জেলা কার্যালয়’।ঘাতক দালাল নির্মূল কমিটির ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুজ্জামান খোকন প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পড়ে ছিল, তাই অফিস করেছি। তা ছাড়া এটি ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতাদের দখলে ছিল। তাঁরাই সংস্কার করেছেন। তাঁদের সঙ্গে আলাপ করে সেখানে অফিস করা হয়েছে।’ তিনি জানান, সর্বশেষ যে অবস্থায় ভবনটি পড়ে ছিল, তাকে শৌচাগার বলা যায় না। তবে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার জানান, তাঁরা রাজমিস্ত্রির কাজ করেন। ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা পারিশ্রমিকের বিনিময়ে তাঁদের দিয়ে সংস্কারের কাজ করিয়েছেন।পৌরসভার মেয়র আবদুল মালেক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পৌরসভা নির্মাণ করেছে। এটি এখনো পৌরসভার। আমাদের অনুমতি ছাড়াই ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা এখানে অফিস করেছেন।’