গণশৌচাগারের দাবিতে রাস্তায় ভিনদেশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পথচারী ও ভাসমান মানুষদের জন্য পর্যাপ্ত পরিচ্ছন্ন গণশৌচাগারের দাবিতে রাস্তায় নামলেন ভিনদেশি শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল পাঁচটা থেকে বাংলা-ইংরেজিতে স্লোগান লেখা প্ল্যাকার্ড ও লিফলেট হাতে নিয়ে নগরের রাস্তায় প্রায় দুই ঘণ্টা প্রচারণা চালান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কয়েকজন বিদেশি শিক্ষার্থী।
বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের মোড়ে এ রকম ১১ জন ভিনদেশি শিক্ষার্থীর দেখা পাওয়া গেছে। তাঁদের হাতে ‘চট্টগ্রাম শহরে পর্যাপ্ত সংখ্যক গণশৌচাগার চাই’; ‘মহিলা ও পুরুষদের জন্য পৃথক পাবলিক টয়লেট’; ‘পরিচ্ছন্ন পাবলিক টয়লেট আমাদের অধিকার’; ‘নো বডি ওয়ান্টস টু এন্টার’ এ রকম স্লোগান লেখা প্ল্যাকার্ড। তাঁদের দেখে অনেকেই কৌতূহল নিয়ে দাঁড়াচ্ছিলেন, মুঠোফোনে ছবিও তুলছিলেন। শিক্ষার্থীরাও হাসিমুখে পথচারীদের হাতে লিফলেট তুলে দিচ্ছিলেন। দোভাষীর মাধ্যমে তাঁরা গণশৌচাগারের প্রয়োজনীয়তা ও পরিচ্ছন্নতা বিষয়ে বোঝাচ্ছিলেন।
বাংলা না জানা থাকার কারণে এই বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেছেন নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আবদুল্লাহ। তিনি জানান, পথচারী বিশেষ করে কয়েকজন রিকশাচালক ও ভাসমান মানুষকে গণশৌচাগারের ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়েছে। নগরে প্রয়োজনের তুলনায় গণশৌচাগারের সংখ্যা খুব কম। যেগুলো আছে সেগুলোও খুব অপরিচ্ছন্ন। অনেক ভাসমান মানুষ এর ব্যবহার সম্পর্কেও জানেন না। এ ছাড়া মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থাও নেই। গণশৌচাগারের অপ্রতুলতা ও সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এ প্রচারণার অংশ।
প্রচারণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’ নামের একটি বেসরকারি সংস্থার হয়ে তাঁরা বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নগরে গণশৌচাগারের ব্যবহার ও পরিচ্ছন্নতা বাড়ানোর প্রচারণায় অংশ নিয়েছে। নগরের এম এম আলী রোড থেকে স্টেডিয়াম মোড় পর্যন্ত এ প্রচারণা চালানো হয়।
ভিয়েতনাম থেকে বাংলাদেশে পড়তে আসা ভি উইং নামের এক শিক্ষার্থী জানান, জনস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্ন শৌচাগার খুব প্রয়োজন। কিন্তু এখানে সেটির অভাব রয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের প্রচারণা তাঁরা নিয়মিত চালাতে চান।