গণশ্রাদ্ধের অনুমতি না দেওয়ায় বিএনপির নিন্দা

মুক্তিযুদ্ধে শহীদ হিন্দুদের জন্য গণশ্রাদ্ধ অনুষ্ঠান করতে না দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই কোনো ধর্মের অনুসারীরা নিরাপদ ছিল না।
মুক্তিযুদ্ধে হিন্দুসম্প্রদায়ের যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁদের স্মরণে গণশ্রাদ্ধ আয়োজন করতে চেয়েছিলেন হিন্দু মুক্তিযোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় ওই অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
এ ঘটনার নিন্দা জানিয়ে রিজভী অভিযোগ করেন, এই সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু তাদের দিয়ে কখনোই এ দেশের কোনো ধর্মসমপ্রদায় নিরাপত্তা লাভ করেনি। তারাই বিভিন্ন সময়ে নানা ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয় ভাঙচুর ও ধ্বংস করেছে।
রিজভী বলেন, বিএনপির নেতৃত্বে ১৮ দল সব ধর্ম-বর্ণের মানুষের আত্মিক উন্নতি, সাধনা, উপাসনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধর্মীয় সমপ্রদায়ের স্রষ্টার কাছে নিঃস্বার্থ আত্মনিবেদনকে নির্বিঘ্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
সরকারি নির্দেশে ‘গণশ্রাদ্ধ’ বন্ধ