গণসংগীত নিয়ে গ্রন্থ প্রকাশনা
আয়োজন ছিল গ্রন্থের প্রকাশনা। কিন্তু বইটি যেহেতু গান নিয়ে, তাই গান শোনানোর ব্যবস্থাও ছিল। বইয়ের নাম ‘বাংলাদেশের গণসংগীত বিষয় ও সুরবৈচিত্র্য’। শুরুতে ছিল গণসংগীত নিয়ে গুণীজনদের কথা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানটি গানে, কথায় হয়ে উঠেছিল উপভোগ্য।বাংলা একাডেমী সম্প্রতি দেশের গণসাংস্কৃতিক আন্দোলন এবং গণসংগীতের সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণাভিত্তিক এই বই প্রকাশ করেছে। শিল্পকলা একাডেমী গতকাল রোববার বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে তাদের জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। মূল প্রবন্ধ পড়েন বিশ্বজিৎ ঘোষ। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গণসংগীত রচয়িতা আবুবকর সিদ্দিক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী। বইয়ের লেখক সাইম রানা জানালেন তাঁর অনুভূতি। আলোচনার পরে গান। একের পর এক পরিবেশিত হয় একক ও দলীয় গান। দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, উদীচী ও সমগীত। একক সংগীত পরিবেশন করেন শাহীন সামাদ, বিপুল ভট্টাচার্য, কামরুদ্দিন আবসার প্রমুখ।শাহ্ আবদুল করিমের গানের প্রশিক্ষণশিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল শুরু হয়েছে ‘বাউলসম্রাট শাহ্ আবদুল করিমের গানবিষয়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে সকালে পক্ষকালব্যাপী কর্মশালার উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।কর্মশালা পরিচালনা করেন বাউলসম্রাট শাহ্ আবদুল করিমের ছেলে শিল্পী নূর জালাল ও শিল্পী আবদুর রহমান। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত।বাঙালিসমগ্র জাদুঘরে জাতীয় কবির দুর্লভ পাণ্ডুলিপির প্রদর্শনীজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঙালিসমগ্র জাদুঘরে চলছে ‘নজরুল পাণ্ডুলিপি ও সাহিত্যে নজরুল’ শীর্ষক প্রদর্শনী। গত শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীতে ১৯২০-১৯৪০ সালের মধ্যে জাতীয় কবির রচনার কিছু দুর্লভ পাণ্ডুলিপির অংশবিশেষ এবং নজরুল রচনা থেকে নির্বাচিত পঞ্চাশটি বই স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে নজরুল গবেষক আবদুল কাইয়ুম, আসাদুল হক, অধ্যাপক আনিসুজ্জামান, নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।১২ জুন পর্যন্ত এলিফ্যান্ট রোডে বাঙালিসমগ্র জাদুঘরে প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।ঠাকুরঘরে কে রেক্যানসারে আক্রান্ত শিশু ফারিয়া ও ফয়সালের চিকিৎসা-সহায়তায় গতকাল নাটকের দল নাটুকে ও থিয়েটার ক্যানফান্ড যৌথভাবে ঠাকুরঘরে কে রে? নাটকটি মঞ্চস্থ করে। মার্ক ক্যামোলোতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার -এর বাংলা রূপান্তরিত নাটক ঠাকুরঘরে কে রে?। অনুবাদ ও নির্দেশনার দায়িত্বে ছিলেন আল নোমান।বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনীপটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে’ শীর্ষক প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সারা দেশ থেকে মোট তিন হাজার ৩৫২টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে ১০০ ছবি প্রতিযোগিতার বিচারকমণ্ডলী প্রদর্শনীর জন্য নির্বাচন করেছেন। এই ছবিগুলো নিয়ে আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বীরেণ সোম, আব্দুল মান্নান, অধ্যাপক ফরিদা জামান প্রমুখ।