গণসংগীতশিল্পী মাহাবুবুল হায়দার মোহনের দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী মাহাবুবুল হায়দার মোহনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার সকাল ১০টায় শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে গার্ড অব অনার প্রদানের পর তাঁর দাফন সম্পন্ন হয়।মাহাবুবুল হায়দার মোহন মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধা ছিলেন। গণমানুষের জাগরণের জন্য তিনি বেছে নিয়েছিলেন গনসংগীতকে। তিনি ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সভাপতি, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।