গণসংগীতে জীবনের গান
‘আজ নয় কাল নয় পরশু, বিভাবরী সূর্য উঠবে’, ‘পাকপশুদের মারতে হবে, চলরে নাও বাইয়া’, ‘মাগো ভাবনা কেন’, ‘তোমরা কি কেউ জানো আমার বাজানের খবর’, ‘আমরা নূতন যৌবনেরই দূত’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’—এমন আরও অনেক বিপ্লবী গণসংগীতের মূর্ছনায় গতকাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষ ছিল মুখরিত। শিল্পী আর দর্শকদের মধ্যে ছিল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠকে জোরালো করার আকাঙ্ক্ষা। কাল সেখানে ছিল জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।‘গাও জীবনের গান, মাঠে মাঠে ঘরে ঘরে তারই আহ্বান’ স্লোগান নিয়ে কাল থেকে শুরু হয়েছে জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০১০। এই প্রতিযোগিতার আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী।সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর গণসংগীতশিল্পী আবদুল লতিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার বলেন, গণসংগীতকে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় করার পাশাপাশি এই সংগীতকে আলাদা ধারা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত বছর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে গণসংগীত শিল্পীরা অংশ নেয়।এর পরই শুরু হয় মূল পর্ব। কাল ছিল ঢাকা জেলার প্রতিযোগিতা। ক-অনূর্ধ্ব ১৫ বছর, খ-১৫ বছর ঊর্ধ্ব—এই দুই বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়। শুরুতে ‘ক’ বিভাগের প্রতিযোগিতায় সেঁজুতি ঘোষ গেয়ে শোনায়, ‘আজ নয় কাল নয় পরশু’ গানটি। এরপর শিল্পীরা একে একে গেয়ে শোনায় গণসংগীত। ক বিভাগে অংশ নেওয়া শিল্পীদের বয়স খুবই কম। অথচ পাকিস্তানি বাহিনীকে মারার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য, মেহনতি মানুষের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে জাগরণের গানে এই শিশুশিল্পীদের একটুও গলা কাঁপেনি। ক শেষে শুরু হয় খ বিভাগের প্রতিযোগিতা।গণসংগীতের এই প্রতিযোগিতায় শিল্পীরা গেয়ে শোনায় জীবনের গান। ঢাকা জেলার এই প্রতিযোগিতা থেকে বিজয়ী তিনজন অংশ নেবে আগামী ১২ মার্চ ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায়। কালকের ফলও জানানো হবে সেদিন। ১২ মার্চ শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া একই সঙ্গে দেশের বাকি বিভাগগুলোতেও চলবে বিভাগীয় প্রতিযোগিতা। এরপর ২৭ ও ২৮ মার্চ সত্যেন সেন গণসংগীত উত্সবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণাতৃতীয় বছরের মতো গতকাল সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ক ও খ—দুই বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। ক বিভাগে পুরস্কারের মূল্যমান প্রতিটি ২৫ হাজার টাকা এবং খ বিভাগের (লেখকের জীবনের প্রথম বই) জন্য প্রতিটি ১০ হাজার টাকা। কাল বইমেলায় চ্যানেল আইয়ের সরাসরি প্রচার কার্যক্রম থেকে বিচারকদের পক্ষে পুরস্কার ঘোষণা করেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।এবার ক শাখায় উপন্যাস বিষয়ে হিরণ্ময় দুঃখ এবং প্রতিদিন একটি পপি বইটির জন্য রাবেয়া খাতুন, প্রবন্ধ বিষয়ে লালনকে কে বাঁচাবে বইয়ের জন্য মফিদুল হক, কবিতায় পান্থশালার ঘোড়া বইয়ের জন্য কামাল চৌধুরী, শিশুসাহিত্যে ছাপাখানার ভূত বইয়ের জন্য কাইজার চৌধুরী এবং ছোটগল্পে ছেলেটি যে মেয়ে, মেয়েটি তা জানত না বইয়ের জন্য নাসরীন জাহান পুরস্কার পেয়েছেন। খ বিভাগে উপন্যাসে জাতিস্মর বইয়ের জন্য গাজী তানজিয়া, কবিতায় সাময়িক শব্দাবলী বইয়ের জন্য তনুজা ভট্টাচার্য্য, ছোটগল্পে ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প বইয়ের জন্য মাহবুব আজাদ ও শিশুসাহিত্যে ভূতের পায়ে বুট বইটির জন্য রিফাত কামাল পুরস্কার পেয়েছেন। আগামী ৬ মার্চ তেজগাঁয় চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল সকালে জাদুঘরে এ প্রতিযোগিতায় ক, খ, গ ও ঘ বিভাগে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। ছোট্ট শিশুরা মায়ের হাত ধরে এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কর্মকর্তা মো. খতিবুল হুদা উদ্বোধনী ভাষণ দেন।