টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়া সিলেটের মিসবাহউদ্দিন সিরাজ এবং প্রথমবার কেন্দ্রীয় সদস্য হওয়া সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার একটি কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত মিসবাহউদ্দিন সিরাজ ও বদরউদ্দিন আহমদ কামরান বক্তৃতায় অভিন্ন কণ্ঠে বঙ্গবন্ধুর আদর্শে সারা জীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল, তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান বক্তার বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। নিজস্ব প্রতিবেদক, সিলেট