গণসংযোগে গিয়ে হৃদরোগে প্রার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিন গত সোমবার রাতে মারা গেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ডের পাখিমারা গ্রামের নাছির উদ্দিন (৩৮) সদস্যপদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
সোমবার দুপুরে তিনি ডুরিয়ারভিটা গ্রামে গণসংযোগে যান। গণসংযোগের একপর্যায়ে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান।
তাঁকে প্রথমে যমুনা সার কারখানা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাতেই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
২৮ মে সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন হবে।