সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদের পক্ষে গত শনিবার নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নজরুল ইসলাম।
মেয়র পদে এখানে তাজকিন আহমেদ ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী শাহাদাত হোসেন, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম শনিবার সকালে স্থানীয় নেতাদের নিয়ে সাতক্ষীরার আমতলা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভোটারদের কাছে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চান এবং প্রচারপত্র বিতরণ করেন।
এদিকে গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হারিছুর রহমানের পক্ষে শনিবার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বলরাম পোদ্দার, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. আতাউর রহমানসহ স্থানীয় নেতারা প্রচারণা চালান। এ ছাড়া বিএনপির মেয়র প্রার্থী সফিকুর রহমানের পক্ষে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা উত্তর বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী কামরুল ইসলাম প্রমুখ।