গণসংযোগে ঈদে নিজ এলাকায় মন্ত্রী ও সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিনটি নিজের এলাকায় কাটিয়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিলেটের মন্ত্রী ও সাংসদেরা। এলাকায় যেতে না পারলেও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও এলাকায় অবস্থান করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সিলেট-১ (মহানগর-সিলেট সদর) আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদের আগের দিন সিলেটে পৌঁছান। চার দিনের সফরে তিনি সিলেটে অবস্থান করে ঈদের দিন সকালে নগরের শাহি ঈদগাহে নামাজ পড়েন। পরদিন সন্ধ্যায় নগরের ধোপাদীঘির পাড় এলাকায় তাঁর নিজ বাসায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।      সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী নগরের শাহি ঈদগাহে ঈদের জামাতে নামাজ আদায় করে নিজ এলাকায় গিয়ে তিন এলাকায় তিনটি পৃথক সভা করে নির্বাচনী প্রস্তুতির বৈঠক করেন।

সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা) আসনের সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী গ্রামের বাড়ি হাটুভাঙ্গা শাহি ঈদগাহে নামাজ পড়েন। একই এলাকার বাসিন্দা বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ূম চৌধুরী হাটুভাঙ্গা শাহি ঈদগাহে ও বিএনপির সাবেক সাংসদ শফি চৌধুরী দক্ষিণ সুরমায় ঈদের নামাজ পড়েন। ঈদে এলাকায় যাননি সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ ইমরান আহমদ ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার। ওই দুই এলাকায় বিরোধী রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকায় গিয়ে ঈদের নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদে এলাকায় যেতে না পারলেও খুদে বার্তা ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলান নাহিদ। সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী ঈদ সামনে রেখে পুরো এক মাস এলাকায় গণসংযোগ করেন।