গণসংযোগে ছিলেন, দলীয় সমর্থনও পেয়েছেন, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বাহাদুরুজ্জামান ওরফে বাহাদুর দলীয় সমর্থন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি। গত রোববার শেষ দিনে মনোনয়নপত্র জমা না দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাকিম বলেন, ‘বাহাদুর মনোনয়নপত্র জমা না দেওয়ায় আওয়ামী লীগসহ আমাকে বিপদে ফেলে দিয়েছেন। তাঁকে দল থেকে আমরা সমর্থন দিয়েছিলাম। এ অবস্থায় আওয়ামী লীগের সমর্থিত আর কোনো প্রার্থী না থাকায় আমরা কাউকে সমর্থনও দিতে পারছি না।’অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদের সঙ্গে দূরত্ব, দলীয় অন্তঃকোন্দল, বিগত দিনে পৌরসভার নানা কাজ নিয়ে অনিয়মের অভিযোগ ও সাংসদ-সমর্থিত প্রার্থীর সঙ্গে সমঝোতা হওয়ায় তিনি মনোনয়নপত্র জমা দেননি। অথচ তফসিল ঘোষণার আগ থেকেই তাঁর গণসংযোগ ও প্রচারণা ছিল ভোটারদের দ্বারে দ্বারে। তফসিলের পরও ছিলেন তৎপর। কিন্তু হঠাৎ করেই নির্বাচন না করা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।একটি সূত্র জানিয়েছে, ২০০৪ সালের মেয়র নির্বাচনের ব্যয় বহন করার জন্য বাহাদুরুজ্জামান তাঁর একটি পুকুর বর্তমান মেয়র পদপ্রার্থী আমির হোসেনের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেন। আমির হোসেনকে ওই ১০ লাখ টাকা ফেরত দিয়ে তিনি পুকুরটি (বর্তমানে মাটি ভরাট করেছেন) আবার নিজের নামে নিয়ে নেন। ওই সমঝোতার ভিত্তিতে বাহাদুরুজ্জামান মেয়র পদে মনোনয়নপত্র জমা দেননি।তবে বাহাদুরুজ্জামান বলেন, ‘পরিবারের অন্য সদস্যদের চাপের কারণে আমি মনোনয়নপত্র নিয়েও জমা দিইনি। আমার ভাইদের নিষেধ থাকায় নির্বাচন থেকে সরে এসেছি। কোনো ধরনের সমঝোতা হয়নি।’জানতে চাইলে অপর মেয়র পদপ্রার্থী আমির হোসেন বলেন, ‘বাহাদুরুজ্জামান যখন মেয়র নির্বাচিত হন, তখন আমাদের পরিবারের সবাই তাঁর জন্য খেটেছি। এবার তিনি আমার জন্য মাঠে নামবেন। এতে সমঝোতার কোনো বিষয় নেই।’বরুড়া উপজেলা আওয়ামী লীগে বেশ কিছুদিন ধরে কোন্দল চলছে। সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও নিজে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হন ও ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। এরপর তিনি আমির হোসেনকে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে সমর্থন দেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সাংসদ মো. আবদুল হাকিম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা বর্তমান মেয়র বাহাদুরুজ্জামানকে সমর্থন দেন।