গণসংযোগে মেয়র মনিরুল হক
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু গতকাল বুধবার থেকে গণসংযোগে নেমেছেন। নির্বাচনে জয়ের পর ভোটারদের সঙ্গে দেখা করার জন্য সকাল থেকেই তিনি নগরের চকবাজার, কাসারিপট্টি, গোয়ালপট্টি, নূরপুর, গর্জনখোলা, ছাতিপট্টি, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মেয়র মনিরুল হক গতকাল সন্ধ্যায় বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের মতামত নিয়ে নগরের জলাবদ্ধতা ও যানজট নিরসন করব। ইজিবাইকের ব্যাপারে সবাইকে নিয়ে কর্মপন্থা নির্ধারণ করব। আইনের বাইরে কোনো কাজ করব না। নিজের কোনো মতামত নগরবাসীর ওপর চাপিয়ে না দিয়ে সুশীল সমাজের মতামত নেব।’মেয়র আরও বলেন, ‘নগর ভবনে বিকেল পাঁচটার আগে কাজ ছাড়া দলীয় কোনো নেতা-কর্মীকে প্রশ্রয় দেওয়া হবে না। অগ্রাধিকার ভিত্তিতে ২৭টি ওয়ার্ডের সমস্যা দূর করতে চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়লাভের পর কিছু আবাসন ব্যবসায়ী আমাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ছাপছে। কিন্তু কোনোভাবেই আইন ভঙ্গ করে তাদের সুবিধা দেওয়া হবে না। নির্বাচনে ওরা আমার সঙ্গে কাজ করেনি। তাই কী জন্য বিজ্ঞাপন দিচ্ছে, তা আমি জানি না।’