গণসংযোগের নামে তাবিথের মিছিল

কর্মসূচি হিসেবে আগের দিন বলা হয়েছে গণসংযোগ। কিন্তু মাইকে ও খালি গলায় দেওয়া হয়েছে স্লোগান। বাস্তবে কর্মসূচি পরিণত হয় মিছিলে। এ দৃশ্য দেখা গেছে বিএনপি-সমর্থিত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণা কর্মসূচিতে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুরের রূপনগর, আহ্ছানিয়া মিশন কলেজ এলাকা, সেকশন-৬ ও ৭, ইস্টার্ন হাউজিং, আলন্দী, ওয়াপদা কলোনি, দুয়ারীপাড়া এলাকায় তাবিথ আউয়াল এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।
তাবিথ আউয়াল অলিগলি ধরে হাঁটার সময় তাঁর পেছনে শতাধিক লোক হরদম স্লোগান দিচ্ছিলেন। পেছনে অনবরত একটি মাইকে ‘খালেদা জিয়ার সালাম নিন, তাবিথ আউয়ালকে বাস মার্কায় ভোট দিন’ স্লোগান চলে। এ সময় বেশ কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হয়।
মিরপুর এলাকায় গণসংযোগকালে তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মিছিল-স্লোগান নিয়ে তাবিথ ও তাঁর অনুসারীরা দ্রুত হেঁটে যান। আর রাস্তার দুই পাশের বাড়ির মানুষের উদ্দেশে হাত নাড়েন। দ্রুত হেঁটে যাওয়ার সময় বাজার কিংবা দোকানগুলোতে লিফলেট বিলি করা হয়।
এর আগে মহাখালী, বাড্ডার গুদারাঘাট ওভারব্রিজ, উত্তর বাড্ডা, মেরুল বাড্ডা, পূর্ব রামপুরা, পশ্চিম হাজীপাড়া, ওমর আলী লেন, পশ্চিম রামপুরায় প্রচারপত্র বিলি করেন এবং ভোট চান। এ সময় সঙ্গে ছিলেন বিএনপি নেতা মাহমুদুল হাসান, হাবিবুর রহমানসহ অন্যরা নেতারা।
গণসংযোগের ফাঁকে ফাঁকে পথসভা করেন তাবিথ। এসব পথসভায় তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হলে দল-মত, জাতি-ধর্মনির্বিশেষে সবাইকে নিয়ে তিনি ঢাকাকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তুলবেন। নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর দাবি জানান তিনি।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়: গতকাল দুপুরে তেজগাঁওয়ে নির্বাচনী কার্যালয়ে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।