গণসংহতি আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোনায়েদ সাকীকে প্রধান সমন্বয়কারী ও আইনজীবী আবদুস সালামকে নির্বাহী সমন্বয়কারী করে গণসংহতি আন্দোলনের ২১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর হাতিরপুলে দলটির কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এ কমিটি নির্বাচন করা হয়।

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দলটির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পাঁচ সদস্যের রাজনৈতিক পরিষদ, সাত সদস্যের সম্পাদকমণ্ডলী, চার সদস্যের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ ও সাতজন সদস্য নির্বাচিত হন। সম্পাদকমণ্ডলী হলেন বাচ্চু ভূঁইয়া, শ্যামলী সরকার, মনির উদদীন পাপ্পু, আবু বকর রিপন, জুলহাস নাইন বাবু, মুরাদ মোরশেদ ও আরিফুল ইসলাম। আর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাজার আহমেদ, ফিরোজ আহসান, নুরুল আমিন শাহীন ও কেরামত আলী।

সম্মেলন থেকে সারা দেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী ব্যক্তিদের শাস্তি, সুন্দরবন ধ্বংসকারী রামপাল প্রকল্প বাতিল এবং সভা-সমাবেশ ও ভিন্ন মতের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।