গণসংহতিকে সমাবেশ করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকফা ও রামপাল প্রকল্প বাতিলের দাবি পুলিশের বাধার কারণে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি গণসংহতি আন্দোলন।মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘জাতীয় সার্বভৌমত্ববিরোধী টিকফার পাঁয়তারা’ ও ‘ভারতীয় স্বার্থে সুন্দরবন ধ্বংস করে রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের’ বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করেছিল বামপন্থী এ দলটি।পুলিশি বাধায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করতে না পেরে দলটি সচিবালয়ের কাছে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নাশকতার অজুহাত তুলে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অনুমতির আবেদন করলেও অনুমতি দিচ্ছে না। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, সরকার নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে চরম গণবিরোধী দমননীতি নিয়েছে। দেশে সব ধরনের বিরোধী মত দমন করতে একটা অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে।সমাবেশে টিকফা ও রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল এবং অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান, বাচ্চু ভূঁইয়া, শ্যামলী শীল, আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।